ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ হলে সামলাতে পারবো: স্বাস্থ্যমন্ত্রী
মেডিভয়েস রিপোর্ট: ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ হলে উপরওয়ালার ইচ্ছায় সামলাতে পারবেন বলে মনে করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. সামন্ত লাল সেন। জানিয়েছেন, ইতোমধ্যেই স্যালাইনের ঘাটতি মোকাবেলায় উদ্যোগ নেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার (৯ জুলাই) দুপুরে নিজ দপ্তরে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।
ডা. সামন্ত লাল সেন বলেন, ‘আমরা কেউ চাই না, ডেঙ্গুতে একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হোক। যদি হয় উপরওয়ালার ইচ্ছায়, আমরা সামলাতে পারবো বলে আশা করি।'
তিনি আরও বলেন, ‘সব চিকিৎসক কিন্তু জানেন, ডেঙ্গুর চিকিৎসায় কী করতে হবে। আমাদের একটা গাইডলাইন আছে, সেটি সম্পর্কেও তারা অবগত। পর্যাপ্ত স্যালাইন মজুদ আছে। ইতোমধ্যে বিভিন্ন ফার্মাসিউটিক্যালস কোম্পানি, আমাদের ইডিসিএলকে (এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড) নিয়ে মিটিং করেছি, যাতে কোনোভাবেই স্যালাইনের ঘাটতি না হয়।’
মশা নিয়ন্ত্রণে সমন্বয় কীভাবে করা হচ্ছে? এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘আমরা কয়েকটা মিটিং করেছি, স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং দুই মেয়রের সঙ্গে আমরা কথা বলেছি। ভবিষ্যতেও আমরা মিটিং করবো। দুটি মন্ত্রণালয়কে সমন্বয় করে কাজটি করতে হবে। স্বাস্থ্য ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে ডেঙ্গু মোকাবিলা করতে হবে।’
ব্রিফিংয়ে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।
এনএআর/এমইউ
-
০৯ জুলাই, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
২৭ অক্টোবর, ২০২৪
-
০৯ জুলাই, ২০২৪
-
০৪ জুলাই, ২০২৪
-
২৮ মে, ২০২৪
-
২০ মার্চ, ২০২৪
-
৩০ জুলাই, ২০২৩
-
২২ জুলাই, ২০২৩