দ্য ইন্টারন্যাশনাল ক্রিয়েটিভ আর্টস অ্যাওয়ার্ডে ভূষিত ডা. তৌছিফ
মেডিভয়েস রিপোর্ট: ক্যান্সার চিকিৎসায় অবদান ও ক্যান্সার বিষয়ে সচেতনায় ভূমিকা রাখায় দ্য ইন্টারন্যাশনাল ক্রিয়েটিভ আর্টস অ্যাওয়ার্ড-২০২৪ পেয়েছেন ক্যান্সার বিশেষজ্ঞ ডা. মো. তৌছিফুর রহমান।
গত ৩০ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে তাঁর হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে এক ঝাঁক শিক্ষক, কবি, সাহিত্যিক, বরেণ্য শিল্পী, সাংবাদিক, শিক্ষানুরাগী ও গুণীজন উপস্থিত ছিলেন।
আইসিএএলডিআরসি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান ইউনিটের এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর, বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. নাসার ইউ আহমেদ, আইসিএএলডিআরসির আজীবন সম্মাননায় ভূষিত মুজিব পরদেশী, পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) শামীমা বেগম।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাতত্ত্ব বিভাগের চেয়ারম্যান আইসিএএলডিআরসির সভাপতি অধ্যাপক ড. আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আইসিএএলডিআরসি’র সাধারণ সম্পাদক অধ্যাপক লুৎফর রহমান জয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সময়ের সাহসী ক্যান্সার বিশেষজ্ঞ ডা. মো. তৌছিফুর রহমান আমাদের গর্ব! ক্যান্সারের মতো দুরারোগ্য ব্যাধি থেকে সুরক্ষায় একজন নিবেদিত প্রাণ হিসেবে আন্তরিকভাবে চিকিৎসা দিয়ে যাচ্ছেন তিনি। একই সঙ্গে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই বিষয়ে বই রচনা, সামাজিক মাধ্যমে লেখালেখির পাশাপাশি বিভিন্ন চ্যানেলে ধারাবাহিকভাবে ক্যান্সার সচেতনতামূলক বক্তব্য রাখছেন, যা অবশ্যই প্রশংসাযোগ্য। একান্ত অবসরে নিজের বিশ্রাম ভুলে মানব কল্যাণে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন ডা. তৌছিফ, যা এই সময়ে একেবারে বিরল। চিকিৎসা এবং লেখালেখিতে অবদান রাখতে এই ক্যান্সার বিশেষজ্ঞের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন বক্তারা।
এএনএম/