২১ জানুয়ারী, ২০২৪ ০৬:০১ পিএম

অ্যানেস্থেসিস্ট ছাড়া ৫ শতাধিক অস্ত্রোপচার: কনসালটেন্ট পেল নান্দাইল স্বাস্থ্য কমপ্লেক্স

অ্যানেস্থেসিস্ট ছাড়া ৫ শতাধিক অস্ত্রোপচার: কনসালটেন্ট পেল নান্দাইল স্বাস্থ্য কমপ্লেক্স
গত বছরের ২৩ ডিসেম্বর ‘ধার করা অ্যানেস্থেসিওলজিস্ট দিয়েই ৫ শতাধিক অপারেশন’—শিরোনামে মেডিভয়েসে সংবাদ প্রকাতি হয়।

মেডিভয়েস রিপোর্ট: অ্যানেস্থেশিওলজিস্ট না থাকায় পার্শ্ববর্তী উপজেলা থেকে নিয়ে এসে ৫ শতাধিক অপারেশনের মাইলফলক অর্জন করে ময়মনসিংহের নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এ নিয়ে গত বছরের ২৩ ডিসেম্বর ‘ধার করা অ্যানেস্থেসিওলজিস্ট দিয়েই ৫ শতাধিক অপারেশন’—শিরোনামে সংবাদ প্রকাশ করে মেডিভয়েস। এর এক মাসেরও কম সময়ের ব্যবধানে হাসপাতালটিতে অ্যানেস্থেশিওলজিস্ট নিয়োগ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

আজ রোববার (২১ জানুয়ারি) মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত স্বাস্থ্যসেবা বিভাগের পারসোনেল-৩ অধিশাখার উপসচিব সারমিন সুলতানা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ‘পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বিসিএস স্বাস্থ্য ক্যাডারের কর্মকর্তা ডা. আশরাফুল ইসলামকে (১৩২৫২৭) তাঁর নামের পাশে বর্ণিত পদ ও কর্মস্থলে বদলি ও পদায়ন করা হলো।’

‘বদলি ও পদায়নকৃত কর্মকর্তা আগামী ২৮ জানুয়ারির মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদান করবেন। অন্যথায় ২৯ জানুয়ারি পূর্বাহ্নে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অবমুক্ত মর্মে গণ্য হবেন’বলা হয় এতে।   

জানতে চাইলে নান্দাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. মো. মাহমুদুর রশীদ আজ রোববার (২১ জানুয়ারি) সন্ধ্যায় মেসডিভয়েসকে বলেন ‘এটা অবশ্যই আমাদের জন্য আনন্দের খবর। আমি আপনার মাধ্যমে বিষয়টি জানতে পারলাম যে আমাদের হাসপাতালে অ্যানেস্থেশিয়ার কনসালট্যান্ট নিয়োগ দেওয়া হয়েছে। ময়মনসিংহের সিভিল সার্জন মহোদয়সহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ। মেডিভয়েসে আমাদের অ্যানেস্থেশিয়ার কনসালট্যান্ট সঙ্কট নিয়ে সংবাদ প্রকাশ করার জন্য আপনাদেরকেও অনেক ধন্যবাদ।’

ময়মনসিংহের নান্দাইল উপজেলার প্রায় চার লাখেরও বেশি মানুষের স্বাস্থ্যসেবায় আস্থার প্রতীক হয়ে উঠেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। নানা সংকট সত্ত্বেও ৫ শতাধিক অপারেশনের মাইলফলক অর্জন করেছে হাসপাতালটি। হাসপাতালের নিজস্ব অ্যানেস্থেশিওলজিস্ট না থাকলেও পার্শ্ববর্তী উপজেলা থেকে ধার করে এনে সপ্তাহে একদিন অপারেশন কার্যক্রম পরিচালনা করছে এখানকার চিকিৎসকরা।

হাসপাতালের সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সব সম্ভব হয়েছে জানিয়ে ইউএইচএফপিও ডা. মো. মাহমুদুর রশীদ বলেন, ‘মূলত এত দূর আসার পেছনে পুরো একটা টিম একসাথে কাজ করেছে। অনেক দিন ধরে এই টিমটাকে প্রস্তুত করা হয়েছে। ওটি বয়, ক্লিনার থেকে শুরু করে সার্জন পর্যন্ত সবার পারস্পরিক বোঝাপড়া এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ছিল। অপরেশন থিয়েটার প্রস্তুত করার জন্য সবার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে সার্জারির কনসালটেন্ট ডা. কাজী শরীফুর রহমান সজীব ও অ্যানেস্থেশিয়ার কনসালট্যান্ট ডা. আফরোজা শাহীন নিষ্ঠার সাথে তাঁদের দায়িত্ব পালন করছেন। মেডিকেল অফিসার ডা. শাকিল, ডা. মাহমুদুর ও ডা. মাহবুব সব কাজে আন্তরিক সহযোগিতা করছেন। এ ছাড়া গাইনি কনসালটেন্ট ডা. লায়লা কামরুজ্জামান পান্না সিজারিয়ান সেকশন করে থাকেন। দীর্ঘদিনের প্রচেষ্টায় এ রকম একটা টিম দাঁড় করাতে পেরেছি। আলহামদুলিল্লাহ, সকলের ঐক্যবদ্ধ চেষ্টায় অনেক সংকটের মধ্যেও আমরা এগিয়ে যাচ্ছি।’

ডা. মো. মাহমুদুর রশীদ বলেন, ‘আমাদের প্রতিটি কাজে স্থানীয় জনপ্রতিনিধিরা আন্তরিক সহযোগিতা করেছেন। তাঁরা তাদের আত্মীয়-স্বজনদের অপারেশনগুলো এখানে করান, ফলে সাধারণ মানুষের মধ্যে আস্থা তৈরি হয়েছে। যে অপারেশন বাইরে করতে কমপক্ষে ২০ হাজার টাকা লাগতো সেটা এখানে ফ্রি করাতে পারছে। এ ছাড়া স্থানীয় সবার থেকেই আমরা আন্তরিক সহযোগিতা পেয়েছি। যেমন উদাহারণস্বরূপ; যখন অপারেশন পরিচালনা করা হচ্ছে তখন লোডশোডিংয়ের সময় হলেও বিদ্যুৎ অফিস থেকে আমাদের নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সেবা দেওয়া হচ্ছে।’

এসএস/এএনএম

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ময়মনসিংহ
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক