রোবটিক সার্জারি চিকিৎসাসেবায় বিপ্লব ঘটাবে: বিএসএমএমইউ ভিসি
মেডিভয়েস রিপোর্ট: রোবটিক সার্জারি দেশের চিকিৎসা সেবায় বৈপ্লবিক পরিবর্তন আনবে বলে মন্তব্য করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভাইস-চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ। বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত রোবোটিক সার্জারি এবং ডিজিটাল সার্জারি বিষয়ক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
আজ বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিল্টন হলে ইসলামিক ওয়ার্ল্ড এডুকেশনাল, সায়েন্টিফিক, অ্যান্ড কালচারাল অর্গানাইজেশনের কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
কর্মশালায় সার্জারিতে কীভাবে প্রযুক্তির উন্নত ব্যবহার করা যায়, রোগের উন্নত চিকিৎসা এবং প্রযুক্তিগত উদ্ভাবন বাড়ানোর ক্ষেত্রে সরকারের ভূমিকা এবং রোগের চিকিৎসা পদ্ধতি উন্নতির জন্য গবেষণা উদ্ভাবনে প্রাতিষ্ঠানিক ভূমিকা সম্পর্কে মতামত তুলে ধরা হয়।
বিএসএমএমইউ ভিসি বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে রোবটিক সার্জারি চালুসহ স্মার্ট হাসপাতাল গড়ে তোলার উদ্যোগ নেয়া হয়েছে। আজকের ডিজিটাল সার্জারি ও রোবটিক সার্জারি বিষয়ক কর্মশালায় তারই অংশ। রোবটিক সার্জারি দেশের চিকিৎসা সেবায় বৈপ্লবিক পরিবর্তন আনবে। ইউরোলজিক্যাল ও গাইনোকোলজিক্যাল, কলোরেক্টাল, সার্জিক্যাল অনকোলজিসহ বিভিন্ন ধরণের জটিল রোগের নিঁখুত অপারেশন করা সম্ভব হবে। ফলে এ সকল রোগীদের আর দেশের বাইরে গিয়ে চিকিৎসা নেবার প্রয়োজন হবে না।’
তিনি বলেন, ‘রোবটিক সার্জারি চালুর জন্য প্রয়োজন প্রশিক্ষিত, দক্ষ চিকিৎসকসহ জনবল। ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ের কিছু সংখ্যক চিকিৎসককে বিদেশ থেকে প্রশিক্ষণ করিয়ে আনা হয়েছে। বাকিদেরও প্রশিক্ষণ দেয়া হবে। রোবটিক সার্জারিসহ এ ধরণের সর্বাধুনিক প্রশিক্ষণ দেবার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পূর্ণাঙ্গ প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলা হবে এবং এর কার্যকরী উদ্যোগ ইতোমধ্যে নেয়া হয়েছে।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ইউরোলজি বিভাগের রেনাল ট্রান্সপ্লান্ট ডিভিশন প্রধান ও প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান। কর্মশালায় ‘বাংলাদেশে রোবোটিক সার্জারি এবং ডিজিটাল সার্জারির চ্যালেঞ্জ ও সুবিধা’ শীর্ষক একটি প্যানেল বৈঠক অনুষ্ঠিত হয়। এ আলোচনায় প্যানেল সদস্য ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন, কোলোরেক্টাল সার্জারি বিভাগ চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. শাহাদাত হোসেন শেখ, সার্জারি বিভাগের অধ্যাপক ডা. তোহিদুল আলম। প্যানেল আলোচনাটি পরিচালনা করেন যুক্তরাজ্যের রয়্যাল লন্ডন হাসপাতালের চিফ এক্সিকিউটিভ অফিসার সার্জন অধ্যাপক ডা. শফি আহমেদ।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (একাডেমিক) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, প্রো-ভিসি (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মনিরুজ্জামান খান, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ অতিকুর রহমান, ইসলামিক ওয়ার্ল্ড এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশনের বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের প্রধান অধ্যাপক ড. রাহিল কামার এবং অন্যান্যরা মতামত ব্যক্ত করেন। কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিক্স বিভাগের চেয়ারম্যান এবং সোশ্যাল এন্ড প্রিভেন্টিভ মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. আতিকুল হক।
-
২২ সেপ্টেম্বর, ২০২৫
তিন দিনব্যাপী দ্বাদশ জাতীয় বিজ্ঞান সম্মেলন অনুষ্ঠিত
বিএসপিএমআর’র লাইফ টাইম এচিভমেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত অধ্যাপক কামরুল
-
০২ জুন, ২০২৫
গণঅভ্যুত্থানে হামলা-ভাঙচুর-হত্যাচেষ্টা
চাকরি হারাচ্ছেন বিএমইউর চিকিৎসকসহ ৩৪ কর্মকর্তা-কর্মচারী
-
১৬ মার্চ, ২০২৫
-
১১ মার্চ, ২০২৫