১৭০০ ছাড়াল ডেঙ্গুতে মৃত্যু
মেডিভয়েস রিপোর্ট: এডিস মশাবাহিত জ্বর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এখন পর্যন্ত এক হাজার ৭০১ জনের মৃত্যু হলো। এছাড়া গত একদিনে সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১১০ জন।
আজ বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৮৬৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ২৮১ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ৫৮৬ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। নতুন করে আক্রান্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২৮ জন। আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৮২ জন।
চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে এখন পর্যন্ত তিন লাখ ২০ হাজার ৯৪৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ঢাকায় এক লাখ ৯ হাজার ৯২৭ জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন দুই লাখ ১১ হাজার ১৮ জন। আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন তিন লাখ ১৮ হাজার ৩৭৭ জন। ঢাকায় এক লাখ ৮ হাজার ৬৬৮ এবং ঢাকার বাইরে দুই লাখ ৯ হাজার ৭০৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।