পূর্বধলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিজারিয়ান সেকশন শুরু
মেডিভয়েস রিপোর্ট: দীর্ঘ ২৪ বছর পর নেত্রকোনার পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিজারিয়ান কার্যক্রম শুরু হয়েছে। রোববার (৩ ডিসেম্বর) এক প্রসূতির সিজারিয়ান অপারেশনের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. খবিরুল আহসান।
আজ সোমবার (৪ ডিসেম্বর) সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. মোহাম্মদ আবু হাসান শাহীন মেডিভয়েসকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘গতকাল রোববার (৩ ডিসেম্বর) মাহাবুবা জান্নাত তামান্না (২০) নামের এক প্রসূতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। কিন্তু তাঁর স্বাভাবিক প্রসবে জটিলতার কারণে সিজারিয়ান অপারেশনের সিদ্ধান্ত নেওয়া হয়। আমার ও আবাসিক মেডিকেল অফিসার ডা. ধ্রুব সাহার সার্বিক তত্ত্বাবধানে ওই প্রসূতির সিজারিয়ান অপারেশনে এক ছেলেসন্তানের জন্ম হয়। সিজারিয়ান অপারেশন করেন ডা. চৌধুরি ফাইজা বিনতে হোসেন ও অ্যানেসথেসিয়ায় ছিলেন ডা. আফসানা হোসেন।’
তিনি আরও বলেন ‘আমাদের হাসপাতালে অপারেশন থিয়েটার (ওটি) থাকলেও গাইনি কনসালটেন্ট ও অ্যানেস্থেশিওলজিস্ট ছিলেন না। ২০০৫ সালে স্বাস্থ্য কমপ্লেক্সটি ৩০ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত হওয়ার সময় প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ করা হয়। আধুনিক চিকিৎসা সরঞ্জামও সরবরাহ করা হয়। কিন্তু বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় দীর্ঘদিনেও কার্যক্রম চালু হয়নি। ফলে উন্নত চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছিল এলাকার মানুষ। এখন থেকে নিয়মিত সিজারিয়ান সেকশন সম্পন্ন হবে আশা করি।’
দীর্ঘদিন অব্যবহৃত থাকায় নষ্ট মূল্যবান যন্ত্রপাতি
ইউএইচএফপিও বলেন, ‘উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিজারিয়ান অপারেশনের খবরে এলাকার মানুষ খুবই উচ্ছ্বসিত। তবে দীর্ঘদিন অব্যবহৃত থাকায় মূল্যবান অনেক যন্ত্রপাতি নষ্ট হয়ে গেছে। তাছাড়া হাসপাতালে জনবলের বেশ সঙ্কট রয়েছে। এসব সমস্যা সমাধান হলে এলাকাবাসীকে আরও ভালোভাবে স্বাস্থ্যসেবা দেওয়া সম্ভব হবে।’
তামান্নার স্বামী মুফতি আব্দুল লতিফ বলেন, ‘উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিজারিয়ান অপারেশনের সুযোগ পেয়ে দুর্ভোগ ও আর্থিক ক্ষতি থেকে রক্ষা পেয়েছি। এতে আমি খুবই খুশি। এ কার্যক্রম অব্যাহত থাকলে আমাদের খুবই উপকার হবে।’
উপজেলা নির্বাহী অফিসার মো. খবিরুল আহসান বলেন, ‘উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিজারিয়ান অপারেশনের কার্যক্রম শুরুর মধ্য দিয়ে এ উপজেলায় চিকিৎসাসেবার এক নতুন দ্বার উন্মোচিত হলো। এখন থেকে প্রসূতিদের আর কষ্ট করে ময়মনসিংহ যেতে হবে না। এতে দুর্ভোগ লাঘবের পাশাপাশি আর্থিক ক্ষতি থেকেও তাঁরা রেহাই পাবেন তারা। এখানে পর্যায়ক্রমে অন্যান্য উন্নত চিকিৎসাসেবা কার্যক্রম চালু করা হবে।’
এসএস/এএনএম
-
০২ মে, ২০২৪
ফসল রক্ষায় ৮ নির্দেশনা
উত্তর-পূর্ব হাওরাঞ্চলে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস
-
০৪ ডিসেম্বর, ২০২৩
-
১২ এপ্রিল, ২০২২
-
১৮ অক্টোবর, ২০২১
-
২১ অগাস্ট, ২০২১
-
১১ অগাস্ট, ২০২১
-
০৭ এপ্রিল, ২০২১