নেত্রকোনায় এক চিকিৎসককে প্রাণনাশের হুমকি
মেডিভয়েস রিপোর্ট: নেত্রকোনার মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. এ কে এম রিফাত সাঈদকে প্রাণনাশের হুমকি দিয়েছেন স্থানীয় যুবলীগ নেতা ইমরান হোসেন। জীবনের নিরাপত্তা চেয়ে ডাক্তার রিফাত সাঈদ মঙ্গলবার (১০ আগস্ট) রাতে মদন থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন।
সূত্রে জানা গেছে, ‘ইমরান হোসেন কাগজপত্র সত্যায়িত করার জন্য সম্প্রতি মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. রিফাত সাঈদের কাছে যায়। কাগজপত্র সঠিক না থাকায় সত্যায়িত করতে অপারকতা প্রকাশ করেন ডা. রিফাত সাঈদ। এর পর থেকে বিভিন্ন সময়ে ইমরান হোসেন ডা. রিফাত সাঈদকে দেখে নেওয়ার হুমকি দিয়ে আসছেন।’
এরই ধারবাহিকতায় গত মঙ্গলবার (১০ আগস্ট) পৌরসভার মহিউদ্দিন মার্কেটের সামনে ডা. রিফাত সাঈদকে পেয়ে মারপিট করতে উদ্ধুত হন ইমরান হোসেন। এসময় চিকিৎসককে হত্যা করে লাশ গুম করার হুমকি প্রদান করে চলে যান তিনি। এ ঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে ডা. এ কে এম রিফাত সাঈদ মদন থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
এ ব্যাপারে জানতে চাইলে যুবলীগ নেতা ইমরান হোসেন গণমাধ্যমকে বলেন, ‘আমাকে দেখে ডা. রিফাত সাঈদ সরকারের বিভিন্ন কর্মকাণ্ড ও রাজনীতি নিয়ে কটাক্ষ করছে। আমি যুবলীগের উপ-প্রচার সম্পাদক হিসাবে এর প্রতিবাদ করেছি। এ সময় ডা. রিফাত সাঈদ আমাকে দেখে নেওয়ার হুমকি দিয়েছেন।’
মদন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ হাছানুল হোসেন গণমাধ্যমকে বলেন, ডা. রিফাত সাঈদকে প্রাণনাশের হুমকির বিষয়টি খবুই দুঃখজনক। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ফেরদৌস আলম বলেন, এ বিষয়ে ডা. এ কে এম রিফাত সাঈদ মদন থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।