০৬ নভেম্বর, ২০২৩ ০৬:০৬ পিএম

এক মাসে ৩২১ সন্তান প্রসব, সারাদেশে ষষ্ঠ চাটখীল স্বাস্থ্য কমপ্লেক্স

এক মাসে ৩২১ সন্তান প্রসব, সারাদেশে ষষ্ঠ চাটখীল স্বাস্থ্য কমপ্লেক্স
গত অক্টোবর মাসেই ৩০১ স্বাভাবিক প্রসব ও ২০টি  প্রয়োজনীয় সিজারিয়ান সেকশন সম্পন্ন করা হয়েছে হাসপাতালটিতে।

মেডিভয়েস রিপোর্ট: গর্ভবতী মায়েদের স্বাভাবিক প্রসবের জন্য আস্থার প্রতীক হয়ে উঠেছে নোয়াখালীর চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। নিয়মিত প্রতি মাসে ২০০-৩০০টি প্রসব সম্পন্ন হচ্ছে হাসপাতালটিতে। নিজ উপজেলার বাইরে আশপাশের উপজেলার রোগীরাও এখানে সেবা নিতে আসেন। গত অক্টোবর মাসেই ৩০১ স্বাভাবিক প্রসব ও ২০টি প্রয়োজনীয় সিজারিয়ান সেকশন সম্পন্ন করা হয়েছে। স্বীকৃতিস্বরূপ স্বাস্থ্য অধিদপ্তরের এইচএসএস স্কোরিংয়ে জাতীয় পর্যায়ে ষষ্ঠ স্থানে অবস্থান করছে হাসপাতালটি।

আজ সোমবার (৬ নভেম্বর) চাটখিল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. খোন্দকার মোস্তাক আহমেদ মেডিভয়েসের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘আমাদের হাসপাতালে নিয়মিত স্বাভাবিক প্রসব ও প্রয়োজনীয় সিজারিয়ান সেকশন হয়ে থাকে। কারণ প্রতিটি কর্মীই কাজের প্রতি সর্বোচ্চ আন্তরিক। তাঁরা প্রাতিষ্ঠানিক ডেলিভারি বাড়ানোর ব্যাপারে শতভাগ আন্তরিক। অনেক জায়গায়ই অসাধু চিকিৎসাকর্মীরা রোগীদের বাইরের ক্লিনিকে পাঠায় কিছু বাড়তি আয় করার জন্য। কিন্তু আমাদের হাসপাতালে কেউই এমন কাজ করেন না। এখান থেকে কোনো রোগীকে বাইরে রেফার করতে গেলে অবশ্যই আমাকে জানাতে হবে।’

তিনি আরও বলেন, ‘আমরা স্বাভাবিক প্রসবের সব ধরনের মেডিসিন হাসপাতাল থেকে দেওয়ার চেষ্টা করি, যেন রোগীদের বাইরে গিয়ে কিছু কিনতে না হয়। হাসপাতালের কেনা-কাটার সময় এটা মাথায় রেখেই করা হয়। গরিব-দুঃস্থ রোগীদের জন্য আমাদের এখানে প্রজেক্ট চালু রাখা আছে, তাঁদের জন্য পরীক্ষা-নীরিক্ষা সব কিছু বিনামূল্যে করে দেওয়া হয়।’

ইউএইচএফপিও ডা. খোন্দকার মোস্তাক আহমেদ বলেন, ‘আমাদের গাইনোকলজিস্ট ও এনেস্থেসিওলজিস্ট দুজনেই হাসপাতালে থাকেন, তাই যেকোনো পরিস্থিতিতে আমরা সিজারিয়ান সেকশন করতে পারি। আমি নিজেও এনেস্থেসিয়ার প্রশিক্ষণ নিয়েছি, এনেস্থেসিওলজিস্টের অনুপস্থিতে আমি এনেস্থেসিয়া দেই। এক কথায় আমাদের এখানে কাজ বন্ধ থাকার কোনো সুযোগ নেই।’

আশপাশের উপজেলার রোগীরাও এখানে সেবা নিতে আসেন জানিয়ে তিনি বলেন, ‘আমাদের সিভিল সার্জন মহোদয় এসব বিষয়ে নিয়মিত উৎসাহ দেন। ফেইসবুকসহ বিভিন্ন মাধ্যমে আমরা এসব বিষয়ে প্রচারণা চালাই। আর আমাদের এখানে সবসময়ই স্বাভাবিক প্রসব হয়, এটা মানুষের মুখে মুখে ছড়িয়ে গেছে। আরেকটি বিষয় হচ্ছে, আমাদের অনেক সিস্টার দীর্ঘ ১৫-১৬ বছর ধরে এখানে সেবা দিয়ে যাচ্ছেন। তাঁদের একটা ইতিবাচক পরিচিতিও তৈরি হয়ে গেছে। ফলে সাধারণ রোগীরা সবাই এখানে আস্থা রাখছেন, এমনকি আশপাশের উপজেলার রোগীরাও এখানে আসছেন।’

প্রসঙ্গত, চিকিৎসাসেবায় ধারাবাহিক সাফল্যের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের এইচএসএস স্কোরিংয়ে জাতীয় পর্যায়ে ৬ষ্ঠ স্থানে অবস্থান করছে নোয়াখালীর চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। নোয়াখালীর সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখারের নির্দেশনা ও চাটখিলের ইউএইচএফপিও ডা. খোন্দকার মোস্তাক আহমেদের তত্ত্বাবধানে চিকিৎসক, নার্স, মিডওয়াইফসহ সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টায় এগিয়ে যাচ্ছে প্রান্তিক এ স্বাস্থ্য প্রতিষ্ঠানটি। হাসপাতালে এএনসি কর্নার, ব্রেস্ট ফিডিং কর্নার, ওআরটি কর্নার, আইএমসিআই কর্নার ও কেএমসি কর্নারে নিয়মিত সেবা প্রদান নিশ্চিত করা হচ্ছে।

এসএস/এনএম

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : নোয়াখালী
রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

বাজেট বৈষম্য ও স্বাস্থ্যে অব্যবস্থাপনা বরদাশত করা হবে না

রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

বাজেট বৈষম্য ও স্বাস্থ্যে অব্যবস্থাপনা বরদাশত করা হবে না

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক