০৭ জুলাই, ২০২৬ ০৫:১১ পিএম

অনিয়মের অভিযোগে নোয়াখালীর দুই হাসপাতালকে ৭০ হাজার টাকা জরিমানা

অনিয়মের অভিযোগে নোয়াখালীর দুই হাসপাতালকে ৭০ হাজার টাকা জরিমানা
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: নোয়াখালী জেলা শহরের মাইজদীতে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের অভিযোগে দুটি বেসরকারি হাসপাতালকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। নোয়াখালী জেলা স্বাস্থ্য বিভাগ ও জেলা প্রশাসন যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। 

অভিযানকালে লাইসেন্স হালনাগাদ না করা, অনুমোদনহীন শয্যা পরিচালনা, প্রয়োজনীয় জনবলের অভাব এবং অপরিচ্ছন্ন পরিবেশের কারণে শহরের মেঘনা হসপিটালকে ৩০ হাজার ও নিউ শমরিতা হাসপাতালকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। একইসাথে হাসপাতাল দুটির অনুমোদনহীন অতিরিক্ত শয্যাগুলো তালা মেরে সিলগালা করে দেওয়া হয়।

আজ মঙ্গলবার (৭ জুলাই) সকালে জেলা সিভিল সার্জন ডা. আনোয়ার হোসেনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইউসুফ আলী ও মাহফুজুল হক এবং আনসার সদস্যরা সহযোগিতা করেন।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, জেলা শহর মাইজদীসহ বিভিন্ন উপজেলায় দীর্ঘদিন ধরে কিছু হাসপাতাল অনুমোদনহীনভাবে কার্যক্রম চালিয়ে আসছে। এ ছাড়া অনেক হাসপাতালে রোগীদের পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা ব্যাহত হচ্ছে এবং চিকিৎসার নামে বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে। রোগীদের কাছ থেকে অতিরিক্ত বিল আদায়ের অভিযোগও রয়েছে। এসব সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই জেলা স্বাস্থ্য বিভাগ ও জেলা প্রশাসন এই যৌথ অভিযান পরিচালনা করে।

সিভিল সার্জন ডা. আনোয়ার হোসেন জানান, আগামী এক সপ্তাহের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত ও ত্রুটি সংশোধন না করলে মন্ত্রণালয়ের নির্দেশক্রমে প্রতিষ্ঠানগুলো সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হবে। সাধারণ মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে নিবন্ধনহীন, রোগী হয়রানিকারী ও পর্যাপ্ত জনবলহীন প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে।

জেএইচ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : জরিমানা
  এই বিভাগের সর্বাধিক পঠিত