নোয়াখালীতে ভুয়া চিকিৎসক আটক
মেডিভয়েস রিপোর্ট: নোয়াখালীতে এইচএসসি পাস নুরুল হাসান (৫০) নামে এক ভুয়া চিকিৎসককে আটক করেছে পুলিশ।
শনিবার (২৯ জুলাই) রাতে শহরের গুড হিল হসপিটাল থেকে তাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। আজ রোববার (৩০ জুলাই) নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার আবু তাহের মেডিভয়েসকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘প্রতারণার মাধ্যমে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) নিবন্ধন নিয়ে গত ১০ বছর ধরে নুরুল হাসান চিকিৎসা দিয়ে আসছিলেন। অনেক আগ থেকেই তাকে আমরা সন্দেহ করতাম। কিন্তু তার বিএমডিসির নিবন্ধন থাকায় ধরতে পারছিলাম না। এরপর তার প্রতারণা নিশ্চিত হয়ে কয়েকজন চিকিৎসক ও জেলা সিভিল সার্জন অফিসের প্রতিনিধি তাকে ডেকে কথা বলেছি। তিনি স্বীকারোক্তি দিয়েছেন চিকিৎসক সনদ ও শিক্ষাগত যোগ্যতা ছাড়াই বিভিন্ন প্রাইভেট হাসপাতালে চিকিৎসা দিয়ে আসছিলেন।’
আবু তাহের বলেন, ‘তিনি কোথায় পড়াশোনা করেছেন, কোথায় ইন্টার্নশিপ করেছেন এসবের সদুত্তর দিতে পারেননি। এছাড়া তিনি পুলিশের তালিকাভুক্ত নারী নির্যাতন মামলার পলাতক আসামি। তাকে শনিবার রাত সাড়ে ৭টার দিকে জেলা সিভিল সার্জনের প্রতিনিধির উপস্থিতিতে সুধারাম মডেল থানা পুলিশে দেওয়া হয়েছে এবং তার বিরুদ্ধে মামলাও হয়েছে। মামলার বাদি সিভিল সার্জন কার্যালয়ের স্টেনোগ্রাফার মো. গিয়াস উদ্দিন।’
তিনি আরও বলেন, নুরুল হাসান নিজেকে বগুড়া সদর উপজেলার ফুলবাড়ী দক্ষিণপাড়া গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে বলে দাবি করেন। সে অনুযায়ী জাতীয় পরিচয়পত্র রয়েছে। তবে পুলিশ বলছে, তার বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায়।