ডেঙ্গু কোথায় গিয়ে থামবে, বলা যাচ্ছে না: স্বাস্থ্য অধিদপ্তর
মেডিভয়েস রিপোর্ট: চলতি বছরের প্রথম ২৯-৩০ সপ্তাহের মধ্যে সবচেয়ে বেশি ডেঙ্গু আক্রান্ত রোগী ঢাকার দুই সিটি কর্পোরেশনে ছিল বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
আজ রোববার (২০ আগস্ট) বেলা আড়াইটায় দেশের ডেঙ্গু পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক ভার্চুয়াল ব্রিফিংয়ে এ তথ্য জানান অধিদপ্তরের পরিচালক (এমআইএস) অধ্যাপক ডা. মো. শাহাদাত হোসেন।
অধ্যাপক ডা. শাহাদাত বলেন, ‘ঢাকায় ডেঙ্গু আক্রান্ত কমতে শুরু করেছে। তবে আক্রান্তের সংখ্যা বেড়ে গেছে ঢাকার বাইরে। আমরা দেখেছি, যেকোনো ‘প্যান্ডেমিক’ই একটি নির্দিষ্ট সময় শুরু হয়, একটি নির্দিষ্ট গন্তব্যে গিয়ে শেষ হয়। তবে এ বছর ডেঙ্গুর গন্তব্য কোথায় গিয়ে থামবে, তা বলা যাচ্ছে না।’
তিনি বলেন, ঢাকায় ডেঙ্গু আক্রান্ত রোগীদের জন্য দুই হাজার ছয়শ’র বেশি ডেডিকেটেড শয্যা রয়েছে। সবমিলিয়ে রাজধানীতে ডেঙ্গু রোগী ভর্তি আছে এক হাজার ৯৭৪ জনের মতো। তার মানে হলো এখনো বিভিন্ন সরকারি হাসপাতালে ছয় শতাধিক ডেঙ্গু শয্যা ফাঁকা পড়ে আছে।
অধ্যাপক ডা. শাহাদাত আরও বলেন, বর্তমানে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী ভর্তি আছে ঢাকা মেডিকেলে, ৩১৫ জন। এরপরই মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল এবং স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের অবস্থান।
তিনি বলেন, আমরা যেখান থেকে ঢাকা সিটিতে ডেঙ্গু আক্রান্তের হার কমছে। গত এক সপ্তাহে ডেঙ্গুতে ৫৯ জনের মৃত্যু হয়েছে। আমরা দেখছি, নারীদের তুলনায় পুরুষরা বেশি ডেঙ্গু আক্রান্ত হচ্ছে। ডেঙ্গুতে পুরুষদের আক্রান্তের হার ৬২ দশমিক ৪ শতাংশ হলেও নারীদের আক্রান্তের হার ৩৭ দশমিক ৬ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক বলেন, আশঙ্কাজনক বিষয় হলো আক্রান্তে পুরুষরা এগিয়ে থাকলেও ডেঙ্গুতে পুরুষের তুলনায় নারীদের মৃত্যু বেশি হচ্ছে। গত এক সপ্তাহে ডেঙ্গুতে মৃত্যুর পরিসংখ্যান যদি আমরা দেখি, ৪৬ জন নারীর বিপরীতে পুরুষ মারা গিয়েছে ৩৩ জন। তার মানে ডেঙ্গু আক্রান্ত নারীদের প্রতি আমাদের খেয়াল রাখতে হবে।
-
১২ মে, ২০২৬
-
১৫ ফেব্রুয়ারী, ২০২৬