শেবাচিমের নতুন অধ্যক্ষ অধ্যাপক ফয়জুল বাশার
মেডিভয়েস রিপোর্ট: বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজের (শেবাচিম) নতুন অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডা. ফয়জুল বাশার বাবু। তিনি একই মেডিকেলের ১৭তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।
সম্প্রতি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় তাঁকে এ দায়িত্ব প্রদান করে। মন্ত্রণালয়ের এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিসিএস স্বাস্থ্য ক্যাডার ও স্বাস্থ্য সার্ভিসের কর্মকর্তা ডা. ফয়জুল বাশারকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত শেবাচিমে বদলি ও পদায়ন করা হয়েছে।
অধ্যাপক ফয়জুল বাশার বাবু এর আগে পটুয়াখালী মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন। পটুয়াখালী মেডিকেলে প্রায় তিন বছর অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন এই চিকিৎসক।
জানতে চাইলে অধ্যাপক ডা. ফয়জুল বাশার আজ মঙ্গলবার (১৫ আগস্ট) রাতে মেডিভয়েসকে বলেন, ‘মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক শেবাচিমে যোগদান করেছি। এটি একটি পুরনো ও বড় মেডিকেল কলেজ। অন্যান্য মেডিকেলের তুলনায় এই মেডিকেলের শিক্ষার্থীর সংখ্যাও অনেক বেশি। এখানে দায়িত্ব পালনে অনেক চ্যালেঞ্জ রয়েছে। চেষ্টা করবো, সর্বোচ্চ আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করতে।’
তিনি আরও বলেন, ‘সুন্দর পরিকল্পনার মাধ্যমে শিক্ষার্থীদের পড়ালেখার মান উন্নয়নে কাজ করবো। পড়ালেখার মান উন্নয়ন করার জন্য সেসব সুযোগ-সুবিধা বাড়ানোর দরকার হয়, তা করা হবে। শিক্ষার্থীরা শুধু একাডেমিক ফলাফল ভালো করবে, তা নয়। অন্যান্য বিষয়গুলোতেও যাতে তারা পারদর্শী হয়ে ওঠে, সেদিকে গুরুত্ব দেওয়া হবে।’
অধ্যাপক ডা. ফয়জুল বাশার দ্বীপ জেলা ভোলায় জন্মগ্রহণ করেন। ভোলার আব্দুর রব হাইস্কুল থেকে এসএসসি এবং ঢাকার নটর ডেম কলেজ থেকে এইচএসসি পাস করেন। কর্মজীবনে প্যাথলজি বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন প্রখ্যাত এই চিকিৎসক।
এসএএইচ/এমইউ
-
০৮ মার্চ, ২০২৬
ঘটনা তদন্তে কমিটি গঠন
ওটিতে চিকিৎসাধীন শিশুর গালে থাপ্পড়, অফিস সহায়ক বরখাস্ত
-
০৬ মার্চ, ২০২৬
-
০৫ মার্চ, ২০২৬