০৪ নভেম্বর, ২০২৬ ০৯:১৭ পিএম

কালকিনিতে চার নার্সের বদলি, প্রত্যাহারের দাবি এনএনএফের

কালকিনিতে চার নার্সের বদলি, প্রত্যাহারের দাবি এনএনএফের
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: মাদারীপুরের কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্যালাইন সংকটের ঘটনায় চারজন নার্সিং কর্মকর্তাকে ‘অন্যায়, অযৌক্তিক ও শাস্তিমূলক’ বদলির আদেশ দেওয়ার প্রতিবাদ জানিয়েছে ন্যাশনাল নার্সেস ফোরাম (এনএনএফ)। একইসঙ্গে ওই বদলির আদেশ অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছে সংগঠনটি।

আজ বুধবার (৪ নভেম্বর) এনএনএফের আহ্বায়ক ড. মো. ইউনুস আলী ও সদস্যসচিব আমিনুল ইসলাম (মামুন) স্বাক্ষরিত এক নিন্দা ও প্রতিবাদলিপিতে এ দাবি জানানো হয়।

প্রতিবাদলিপিতে বলা হয়, গত মঙ্গলবার (৩ নভেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রীর আকস্মিক কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনকালে রোগী ও তাঁদের স্বজনদের মৌখিক অভিযোগের ভিত্তিতে হাসপাতালের সরবরাহ করা স্যালাইন না পাওয়ার ঘটনায় দায়িত্ব পালনকারী চারজন নার্সিং কর্মকর্তাকে বদলি করা হয়। এ ঘটনাকে অন্যায়, অযৌক্তিক ও শাস্তিমূলক সিদ্ধান্ত হিসেবে উল্লেখ করেছে সংগঠনটি।

এনএনএফের দাবি, হাসপাতালে স্যালাইন ও প্রয়োজনীয় ওষুধের সরবরাহ না থাকার মতো প্রাতিষ্ঠানিক ও প্রশাসনিক সমস্যার দায় নার্সদের ওপর চাপিয়ে তাঁদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি রোগী, স্বজন, রাজনৈতিক ব্যক্তিত্ব ও গণমাধ্যমকর্মীদের সামনে অসম্মানজনক বক্তব্য দিয়ে নার্সদের পেশাগত মর্যাদা ক্ষুণ্ন করা হয়েছে।

প্রতিবাদলিপিতে আরও বলা হয়, স্যালাইন, ওষুধসহ প্রয়োজনীয় চিকিৎসাসামগ্রী ক্রয়, সংরক্ষণ ও সরবরাহ নিশ্চিত করা নার্সদের দায়িত্বের মধ্যে পড়ে না। এটি সংশ্লিষ্ট প্রশাসন ও সরবরাহ ব্যবস্থাপনার দায়িত্ব। কোনো ধরনের কৈফিয়ত তলব বা তদন্ত ছাড়াই এভাবে বদলির সিদ্ধান্ত নেওয়াকে প্রশাসনিক অদক্ষতা হিসেবে উল্লেখ করেছে সংগঠনটি।

এনএনএফের ভাষ্য অনুযায়ী, দেশের হাসপাতালগুলোতে ধারণক্ষমতার তুলনায় রোগীর চাপ অনেক বেশি। পর্যাপ্ত শয্যা না থাকায় অনেক রোগীকে শয্যার বাইরে রেখেই চিকিৎসাসেবা দিতে হচ্ছে। অন্যদিকে প্রয়োজনের তুলনায় নার্স, চিকিৎসক ও অন্যান্য স্বাস্থ্যকর্মীর সংখ্যাও অপ্রতুল। এমন প্রতিকূল পরিস্থিতিতেও নার্সরা দিনরাত রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন।

প্রতিবাদলিপিতে ছয় দফা দাবি তুলে ধরেছে এনএনএফ। দাবিগুলোর মধ্যে রয়েছে—বদলিকৃত চার নার্সের আদেশ অবিলম্বে প্রত্যাহার, স্যালাইন ও ওষুধের সরবরাহ ঘাটতির প্রকৃত কারণ অনুসন্ধান, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জবাবদিহি নিশ্চিত করা, নার্সদের হয়রানি ও শাস্তিমূলক বদলি বন্ধ, হাসপাতালগুলোতে পর্যাপ্ত শয্যা ও চিকিৎসাসামগ্রী সরবরাহ এবং রোগীর অনুপাতে নার্স, চিকিৎসক ও অন্যান্য স্বাস্থ্যকর্মী নিয়োগ ও পদায়ন।

বিবৃতিতে সংগঠনটি জানায়, হাসপাতাল ব্যবস্থাপনার ব্যর্থতার দায় নার্সদের ওপর চাপিয়ে দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অবিলম্বে বদলির আদেশ প্রত্যাহার করে ন্যায়বিচার নিশ্চিত করা না হলে নার্সদের ন্যায্য অধিকার, পেশাগত মর্যাদা ও সম্মান রক্ষায় ন্যাশনাল নার্সেস ফোরাম (এনএনএফ) নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে বলেও জানান তারা।

এ বিষয়ে এনএনএফের আহ্বায়ক ড. মো. ইউনুস আলী ও সদস্যসচিব আমিনুল ইসলাম (মামুন) বলেন, নার্সরা কোনো সরবরাহকারী প্রতিষ্ঠান নন; তাঁরা স্বাস্থ্যসেবার অগ্রভাগেরসারির পেশাজীবী। প্রয়োজনীয় উপকরণ ও জনবল নিশ্চিত না করে তাঁদের কাছ থেকে সর্বোচ্চ সেবা প্রত্যাশা করা এবং ব্যর্থতার দায় তাঁদের ওপর চাপিয়ে শাস্তি দেওয়া গ্রহণযোগ্য হতে পারে না।

এমআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক