দাবি আদায় না হলে রোববার মহাসমাবেশের ডাক প্রশিক্ষণার্থী চিকিৎসকদের
মেডিভয়েস রিপোর্ট: দাবি আদায় না হলে আগামী রোববার (২৩ জুলাই) মহাসমাবেশের ঘোষণা দিয়েছেন বেসরকারি পোস্টগ্রাজুয়েট প্রশিক্ষণার্থী চিকিৎসকরা।
আজ সোমবার (১৭ জুলাই) দুপুর ২টার দিকে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান কর্মসূচিতে এই ঘোষণা দেন তারা।
পোস্ট গ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. জাবির হোসেন সাংবাদিকদের বলেন, ‘পাঁচ হাজার টাকা ভাতা বৃদ্ধির যে ঘোষণা এসেছে, আমরা এতে সন্তুষ্ট নয়। সামঞ্জস্য একটি বেতন কাঠামোর করার দাবিতে আমরা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. শারফুদ্দিন স্যারের সঙ্গে কথা আজকেও কথা বলেছি। বেতন ভাতা বৃদ্ধির জন্য ভিসি পরবর্তীতে মিটিং করার জন্য সম্মত হয়েছেন। তিনি চান আমাদের বেতন ভাতা বৃদ্ধি হোক।’
ডা. জাবির আরও বলেন, ‘অন্য চিকিৎসক নেতৃবৃন্দের সঙ্গে আমাদের কথা বার্তা হচ্ছে। ইতিমধ্যে বাংলাদেশ মেডিকেল এসোশিয়েসনের (বিএমএ) সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন ও মহাসচিব ডা. এহতেশামুল হক চৌধুরী দুলাল স্যারের সঙ্গে কথা হয়েছে। ওনারাও মোটামুটি কনভেন্স আমাদের সঙ্গে মিটিংয়ে বসার জন্য। তারা সবাই চায়, আমাদের বেতন ভাতা বৃদ্ধি হোক। আমরা তাদের সঙ্গে আলোচনায় বসবো।’
তিনি আরও বলেন, ‘ ভাতা বৃদ্ধির বিষয়ে আজ-কালের মধ্যে একটি মিটিং হওয়ার সম্ভাবনা আছে। সেখান থেকে একটি সিদ্ধান্ত আসার সম্ভাবনাও আছে। তবে শনিবারের মধ্যে যদি সুনির্দিষ্ট প্রস্তাবনা না আসে, রোববার মহাসমাবেশের ডাক দেওয়া হবে। ইন্টার্ন চিকিৎসকদেরকে আমরা খোলা আহ্বান জানাবো, তারা যাতে আমাদের আন্দোলনে শরীক হয়। সবাইকে সাথে নিয়ে আমরা এ আন্দোলন করতে চাই। ইতোমধ্যে ইন্টার্নরা আমাদের সঙ্গে একাত্মতা পোষণ করেছেন। আমরা চেষ্টা করবো সকলের সঙ্গে সমন্বয় করে একটি বড় কর্মসূচি দেওয়ার। দাবি আদায়ে যা করা দরকার, সবকিছু করবো। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে।’
এর আগে সকালে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান কর্মসূচিতে দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বেসরকারি পোস্টগ্রাজুয়েট প্রশিক্ষণার্থী চিকিৎসকরা।
প্রশিক্ষণার্থী চিকিৎসকরা বলেন, ‘আমাদের দাবি মানতে হবে। ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা কাজে ফিরবো না। পাঁচ হাজার টাকা বৃদ্ধি করে আমাদের সঙ্গে তামাশা করা হয়েছে। এটা আমরা প্রত্যাখান করলাম। আমরা আশ্বাস নয়, প্রমাণ চাই।’
বেসরকারি পোস্টগ্রাজুয়েট প্রশিক্ষণার্থী চিকিৎসকরা বলেন, ‘প্রশিক্ষণরত চিকিৎসকরা সম্মিলিতভাবে চিকিৎসাখাতে আমাদের বাস্তবিক সমস্যা এবং প্রতিকূলতার কথা চিন্তা করে কিছু মৌলিক এবং যৌক্তিক দাবি নিয়ে সরব হয়েছি। এর যৌক্তিকতা আপনারা জানেন এবং এর পরিপ্রেক্ষিতে আপনারা সবাই আমাদেরকে সমর্থন দিয়েছেন, দিয়ে যাচ্ছেন—আমরা এজন্য আন্তরিকভাবে কৃতজ্ঞ।’
‘কিন্তু এই সমর্থন আমাদের মূল সমাধান নয়। আমরা এর বাস্তবায়ন চাই। আর তাই গত কয়েক দিনে, সময়ের প্রয়োজনে যেসব যৌক্তিক দাবিতে কর্মসূচি পালন করছি, তা আপনারা দেখেছেন এবং আপনারা সব কিছু জানেন। এই বিষয়ে নতুন করে কিছু বলার নেই’, যোগ করেন তারা।
প্রশিক্ষণার্থী চিকিৎসকরা বলেন, ‘শান্তিপূর্ণ অবস্থানে আমাদের উপর লাঠিচার্জের তীব্র নিন্দা জানাচ্ছি, যা উপর মহলের নির্দেশেই হয়েছে বলে সহজে প্রতীয়মান। কারণ জুনিয়র ডাক্তাররা ন্যায্য অধিকার আদায়ে এভাবে মাঠে নেমেছে, সেখানে সিনিয়ররা এখন পর্যন্ত কোন ধরনের একাত্মতা প্রকাশ করেননি, বরং বিভিন্ন সময় জুনিয়রদের দমিয়ে রাখার চেষ্টা করেছেন।’
তারা বলেন, ‘এটা ডাক্তার সমাজের জন্য কত বড় লজ্জার, যেখানে ২০২০ সালেই ৩০ হাজার টাকা ভাতা করা হয়েছে সিন্ডিকেট মিটিংয়ে, সেখানে ২০২৩ সালে এসে ২৫ হাজার টাকা করা। সেটাও করা হয়েছে আমাদের সিনিয়রদের নির্দেশনায়, তারা এই ডাক্তার সমাজের সম্মান বাড়াতে চান না, সব সময় অবদমিত করে রাখতে চান। এইটা আমাদের জুনিয়র ডাক্তারদের জন্য খুবই লজ্জার এবং হতাশাজনক।
এএইচ/
-
০২ ফেব্রুয়ারী, ২০২৪
-
২০ জুন, ২০২৩
-
১৫ জুন, ২০২৩
-
১৩ জুন, ২০২৩
পোস্টগ্রাজুয়েট চিকিৎসকদের ভাতা বৃদ্ধি
দাবি আদায়ে সব ধরনের সহযোগিতা করবে বিএসএমএমইউ: ভিসি