১৪ এপ্রিল, ২০২৩ ০৫:৩২ পিএম

‘চিকিৎসকদের বিদেশে উচ্চশিক্ষায় নিষেধাজ্ঞা অযৌক্তিক’

‘চিকিৎসকদের বিদেশে উচ্চশিক্ষায় নিষেধাজ্ঞা অযৌক্তিক’
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক ইমেরিটাস অধ্যাপক ডা. এবিএম আবদুল্লাহ। ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: সরকারি চিকিৎসকদের বিদেশে উচ্চশিক্ষা কোর্সের পরীক্ষায় অংশগ্রহণে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা সম্পূর্ণ অন্যায় ও অযৌক্তিক বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক ইমেরিটাস অধ্যাপক ডা. এবিএম আবদুল্লাহ।

আজ শুক্রবার (১৪ এপ্রিল) দুপুরে মেডিভয়েসের সঙ্গে ফোনালাপে এ কথা বলেন তিনি।

নিষেধাজ্ঞার বিষয়টি কীভাবে দেখছেন, এটা স্বাস্থ্য খাতের জন্য কতটা কল্যাণ বয়ে আনবে? এমন প্রশ্নে জবাবে তিনি বলেন, ‘চিকিৎসকদের উচ্চশিক্ষার জন্য আরোপিত নিষেধাজ্ঞা সম্পূর্ণ অন্যায় ও অযৌক্তিক। এ নিষেধাজ্ঞার কোনো মানেই হয় না। তাঁরা নিজ খরচ, নিজ উদ্যোগ ও নিজ তাগিদেই বাইরে যাচ্ছেন, সরকার তো তাঁদের পেছনে পয়সা খরচ করছে না। একজন চিকিৎসক বিদেশে উচ্চশিক্ষা গ্রহণ ও প্রশিক্ষণের মাধ্যমে নিজেকে দক্ষ করে গড়ে তুলছেন, বিশেষজ্ঞ হিসেবে গড়ে তুলছেন। কোর্স সম্পন্ন করার পর তাঁদের অধিকাংশই দেশে ফিরে আসছেন। এসে তো দেশের মানুষকেই সেবা দিবেন।’

তিনি আরও বলেন, বিদেশে উচ্চশিক্ষায় নিষেধাজ্ঞা নয়, বরং তাদেরকে স্বাগত জানানো উচিত। কিন্তু তা না করে নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে। এর কোনো যৌক্তিকতা আমি খুঁজে পাই না। আমার মনে হয়, এ সিদ্ধান্ত দ্রুতই সরকারের প্রত্যাহার করা উচিত।

অধ্যাপক ডা. এবিএম আবদুল্লাহ বলেন, ‘সার্বিক দিক বিবেচনায় এ ক্ষেত্রে চিকিৎসকদেরকে আরও সুযোগ করে দেওয়া উচিত, যাতে তারা নিজেদের অভিজ্ঞ, দক্ষ ও পারদর্শী করে গড়ে তুলতে পারেন। ভালো বিশেষজ্ঞ হিসেবে তৈরি হয়ে দেশে এসে মানুষকে বিশেষায়িত সেবা দিতে পারেন। আমি মনে করি, এটা খুবই ইতিবাচক।’

প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক বলেন, সরকার খুব প্রয়োজন বোধ করলে এ ব্যাপারে একটি কাজ করতে পারে যে, চিকিৎসকরা যেন সনদ নিয়ে দেশে ফিরে আসেন—এ ব্যাপারে শর্ত জুড়ে দিতে পারে।

বিদেশে উচ্চশিক্ষার ধারা দেশ ও দেশের মানুষের জন্য কল্যাণকর উল্লেখ করে তিনি বলেন, স্বাস্থ্য খাত গতিশীল রাখার স্বার্থেই এ পথ বন্ধ করা ঠিক হবে না।

অনেক চিকিৎসক সুনামের সঙ্গে দেশের বাইরে কাজ করছেন জানিয়ে প্রখ্যাত এ মেডিসিন বিশেষজ্ঞ বলেন, এটা (বিদেশে উচ্চশিক্ষা) যদি করতে পারে তাহলে অসুবিধা কোথায়?

প্রসঙ্গত, গত ১৬ মার্চ দেশের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে কর্মরত সরকারি চিকিৎসকদের এফআরসিএস, এমআরসিপি ও এমআরসিএসসহ অন্যান্য কোর্সের পরীক্ষায় অংশগ্রহণের লক্ষ্যে বিদেশ ভ্রমণে আবেদন না করার নির্দেশনা দেয় স্বাস্থ্য মন্ত্রণালয়

মন্ত্রণালয়ের সেবা বিভাগের উপসচিব মোহাম্মদ ইকবাল হোসেন স্বাক্ষরিত এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে কর্মরত সরকারি চিকিৎসকরা এফআরসিএস, এমআরসিপি ও এমআরসিএসসহ অন্যান্য কোর্সের পরীক্ষায় অংশগ্রহণ করতে বিদেশ ভ্রমণের জন্য আবেদন করেছেন-কিন্তু অর্থ বিভাগের পরিপত্র অনুযায়ী এ ধরনের আবেদন অনুমোদনের সুযোগ নেই।’

এতে আরও বলা হয়েছে, ‘অর্থ বিভাগ হতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এফআরসিএস, এমআরসিপি ও এমআরসিএসসহ অন্যান্য কোর্সের পরীক্ষায় অংশগ্রহণের আবেদন, স্বাস্থ্যসেবা বিভাগে অগ্রায়ন না করার জন্য নির্দেশ দেওয়া হলো।’

 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক