প্রত্যেক জেলায় একটি করে মেডিকেল কলেজ হবে: স্বাস্থ্যমন্ত্রী
মেডিভয়েস রিপোর্ট: দেশের প্রত্যেক জেলায় একটি করে মেডিকেল কলেজ করার কথা জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। আজ শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে দিনাজপুরে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে হাসপাতালের সম্মেলন কক্ষে চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
জাহিদ মালেক বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রত্যেক জেলায় একটি করে মেডিকেল কলেজ স্থাপনের পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছেন। আর বেশি দিন নয়, প্রত্যেক জেলা থেকে চিকিৎসক নার্স ও স্বাস্থ্যসেবা কর্মী জন্মলাভ করবে।’
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ইতোমধ্যেই ১০ হাজার চিকিৎসক ও ১৪ হাজার নার্সকে নতুন করে নিয়োগ দেওয়া হয়েছে। তাই এখন আর বিদেশে গিয়ে চিকিৎসা করাতে হয় না। দেশে সকল ধরনের চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগিতায় ও পরামর্শে স্বাস্থ্য বিভাগকে আন্তর্জাতিক মানে নেওয়ার চেষ্টা করে যাচ্ছি। আমরা আশা করছি আশপাশের দেশ থেকে মানুষ চিকিৎসা নিতে বাংলাদেশে আসবে। আমাদের চিকিৎসক ও সেবিকারা প্রধানমন্ত্রীর সেই আশা পূরণ করতে পারবেন।
তিনি বলেন, করোনা নিয়ন্ত্রণে বিশ্বের যে কোনো দেশের চেয়েও বাংলাদেশ সুনাম অর্জন করেছে। তাই বিশ্বে এখন বাংলাদেশ হলো ভ্যাকসিন হিরোর দেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে করোনা মহামারির আক্রমণ থেকে জনগণকে রক্ষা করা হয়েছে। জনগণ করোনা থেকে রক্ষা পাওয়ায় যে সুফল পেয়েছে তা আজ বিশ্ববাসী অনুভব করছে। শেখ হাসিনার নেতৃত্বে জনগণের দৌড়গোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া হয়েছে। মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই হলো শেখ হাসিনার মূল লক্ষ্য।
এ সময় জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম, ডিজি (শিক্ষা) অধ্যাপক ডা. মো. টিটো মিঞা, পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. শামিউল ইসলাম, সহকারী পরিচালক নাজমুল হক, এম আব্দুর রহিম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোমেনুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।
-
১৪ জুলাই, ২০২৪
-
২৪ জুন, ২০২৪
-
১৯ মে, ২০২৪
-
১৭ ফেব্রুয়ারী, ২০২৩
-
২৯ অক্টোবর, ২০২২