৩৫ দিন নিখোঁজ দিনাজপুর মেডিকেলের নাঈম
মেডিভয়েস রিপোর্ট: ৩৫ দিন ধরে নিখোঁজ দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজের ৩১তম ব্যাচের শিক্ষার্থী মো. নাঈম হাসান। বিভিন্ন জায়গায় খোঁজা-খুঁজি করেও তাঁকে এখন পর্যন্ত পাওয়া যায়নি।
রোববার (২৩ জুন) রাতে মেডিভয়েসকে বিষয়টি নিশ্চিত করেছেন নাঈম হাসানের বড় ভাই নাহিদ হাসান।
পরিবার ও মেডিকেল সূত্রে জানা গেছে, গত ২১ মে সকাল ১১টার দিকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা থেকে নিখোঁজ হন নাঈম হাসান। পরে আত্মীয়-স্বজন সব জায়গায় খোঁজ নিয়েও ওইদিনের পর থেকে তার সঙ্গে কোন ধরনের যোগাযোগা করা যায়নি।
জানতে চাইলে নাঈম হাসানের বড় ভাই নাহিদ হাসান বলেন, ‘নাঈম কোথায়, কী অবস্থায় আছে, এখনও খোঁজ পাওয়া যায়নি। দিনাজপুর কোতোয়ালি থানায় একটি জিডিও করা হয়েছে। প্রশাসনও তৎপরতা চালাচ্ছে, তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করা হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘মাঝে মাঝে হতাশায় ভুগতো নাঈম, এজন্য এক বছর স্টাডি গ্যাপ দিয়েছিল। কাউকে কিছু বলতো না, দুই-তিন মাস ক্লাস করার পর আমাদেরকে বলেছে, এ বছর কন্টিনিউ করবে না, আগামী বছর থেকে পড়াশোনা নিয়মিতভাবে চালিয়ে যাবে। কিছুদিন আগে হোস্টেলে গিয়েছিল। হোস্টেল থেকে নাকি সবকিছু নিয়ে বের হয়ে বলছে, আমি মেসে উঠবো। পরে নাকি মেসে উঠছে। এরপর যোগাযোগের চেষ্টা করেও নাঈম হাসানকে পাওয়া যায়নি।’
জানতে চাইলে দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এফ এম মনিরুজ্জামান মন্ডল মেডিভয়েসকে বলেন, ‘আমাদের থানায় একটি জিডি হয়েছে। আমাদের পক্ষ থেকে সব ধরনের তৎপরতা চলছে।’
এসএইচ
-
২৯ অগাস্ট, ২০২৬
-
২৪ জুন, ২০২৪