নিখোঁজের দুই দিন পর কুমিল্লার ইস্টার্ন মেডিকেলের ভারতীয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
মেডিভয়েস রিপোর্ট: কুমিল্লার ইস্টার্ন মেডিকেল কলেজের হোস্টেল থেকে নিখোঁজ হওয়ার দুই দিন পর আদনান আলতাফ (নাম) নামে এক ভারতীয় মেডিকেল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ বুধবার (৪ অক্টোবর) সকালে কলেজ ক্যাম্পাস থেকে প্রায় ৫০০ গজ দূরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন একটি ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। আদনান ওই মেডিকেল কলেজের পঞ্চম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, গত সোমবার রাতে নিখোঁজ হন আদনান। তার সন্ধান চেয়ে পরিবারের পক্ষ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এ ঘটনায় বুড়িচং থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল।
পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, সোমবার রাত ১১টা ৩৬ মিনিটে আদনান ইস্টার্ন মেডিকেল কলেজ ক্যাম্পাস থেকে বের হয়ে একটি ইন্ডিয়ান ফুড হোটেলে যান। সেখান থেকে রাত ১২টা ৫ মিনিটের দিকে তিনি নিখোঁজ হন।
নিহত আদনান আলতাফের বাবার নাম আলতাফ হোসাইন রাথার। তাদের বাড়ি ভারতের জম্মু ও কাশ্মীরের বারামুল্লা জেলার বুনপাড়া, দাঙ্গালপাড়ায়। তিনি কুমিল্লার বুড়িচং উপজেলার কাবিলা এলাকায় অবস্থিত ইস্টার্ন মেডিকেল কলেজে অধ্যয়নরত ছিলেন।
ইস্টার্ন মেডিকেল কলেজের চেয়ারম্যান শাহ মো. সেলিম জানান, আদনান কিছুটা মানসিকভাবে অসুস্থ ছিলেন। এ কারণে তার মাকে সঙ্গে রেখে ক্যাম্পাসে থাকার ব্যবস্থা করা হয়েছিল। তার নিখোঁজ হওয়ার পর থানায় সাধারণ ডায়েরি করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান মেডিভয়েসকে বলেন, আদনান নিখোঁজ হওয়ার খবর পাওয়ার পর পুলিশ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে। বুধবার সকাল ৮টার দিকে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
তিনি আরও জানান, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর তার মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
এমআর/