কারাগারে শূন্যপদে চিকিৎসক নিয়োগের নির্দেশ হাইকোর্টের
মেডিভয়েস রিপোর্ট: দেশের কারাবন্দিদের চিকিৎসা দিতে সব কারাগারে শূন্যপদে চিকিৎসক নিয়োগের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আগামী ১১ ডিসেম্বরের মধ্যে এই নিয়োগ সম্পন্ন করতে বলা হয়েছে। অন্যথায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।
কারা কর্তৃপক্ষ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও স্বাস্থ্য মন্ত্রণালয়কে এ নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে ২০১৯ সালের ১৮ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের আইনজীবী মো. জে আর খান রবিনের দায়ের করা একটি রিট আবেদনের শুনানির সময় মঙ্গলবার (১৫ নভেম্বর) বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ আলীর হাইকোর্ট বেঞ্চ আজ মৌখিকভাবে এই আদেশ দেন।
আদালতে রিটের পক্ষে ছিলেন আইনজীবী মাহবুব উদ্দিন খোকন ও রিটকারী আইনজীবী জে আর খান রবিন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুল্লাহ আল মাহমুদ বাশার। আর কারা মহাপরিদর্শকের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. শফিকুল ইসলাম।
হাইকোর্ট বলেছেন, সারাদেশের কারাগারে আটক বন্দীরা অসুস্থ বোধ করলে তাদের যথাযথ চিকিৎসা দিতে হবে। কারণ তাদের চিকিৎসা পাওয়ার আইনগত অধিকার আছে। বন্দীদের সাধারণত কারাগারে আটকে রাখা হয়। অসুস্থ হয়ে পড়লে তাদের যথাযথ চিকিৎসা না দেওয়া হলে তা গ্রহণযোগ্য হবে না।
এ বিষয়ে আইনজীবী জে আর খান রবিন গণমাধ্যমকে জানান, ৬৮টি কারাগারে ৮৩ হাজার কারাবন্দির বিপরীতে মাত্র চার জন চিকিৎসক রয়েছেন। এতে কারাগারগুলোতে চিকিৎসকের মোট ১৩৭টি পদ এখনও শূন্য রয়েছে। যে কারণে শূন্য পদগুলোতে চিকিৎসক নিয়োগে আদালতের আগের আদেশ বাস্তবায়নের অবস্থা জানানোর নির্দেশনা চেয়ে আবেদন করি। মঙ্গলবার আদালত আগের আদেশ বাস্তবায়ন করতে বলেছেন। আর এ বিষয়ে কারা মহাপরিদর্শক ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিবকে প্রতিবেদন দিতে মৌখিকভাবে আদেশ দিয়েছেন।