চিকিৎসার জন্য চিকিৎসককে বিদেশ যেতে না দেওয়ায় বিডিএফ’র নিন্দা
মেডিভয়েস রিপোর্ট: ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের ইউরোলজি বিভাগের অধ্যাপক ডা. মৃণ্ময় বিশ্বাসকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ যেতে না দেওয়ায় তীব্র নিন্দা জানিয়েছে চিকিৎসকদের অন্যতম সংগঠন বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশন (বিডিএফ)।
ডা. মৃণ্ময়কে বিদেশ যেতে না দেওয়া সুস্পষ্ট সাংবিধানিক অধিকারের লঙ্ঘন এবং আন্ত-ক্যাডার বৈষম্যের একটি ন্যাক্কারজনক উদাহরণ। চিকিৎসক কার কাছে চিকিৎসা নিবেন তার পরামর্শ মন্ত্রণালয় দিতে পারেন কিনা, তা বোধগম্য নয় বলে মন্তব্য করে সংগঠনটি।
আজ বুধবার (৯ নভেম্বর) বিডিএফের চেয়ারম্যান ডা. মো. শাহেদ রফি পাভেল ও ডা. তাজিন আফরোজ শাহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়েছে।
এতে বলা হয়, অধ্যাপক মৃণ্ময় উন্নত চিকিৎসার জন্য ভারত গমনের ১৫ দিনের আবেদন করেছিলেন, যা মন্ত্রণালয় ধৃষ্টতা দেখিয়ে বাতিল করেন এবং তাকে বেসরকারি হাসপাতালে চেম্বারে একজন নাক কান গলা বিশেষজ্ঞ চিকিৎসককে দেখানোর পরামর্শ দেন, যা একজন চিকিৎসকের জন্য অসম্মানজনক। একই সময়ে বিদেশে আনন্দ ভ্রমণের জন্য দুইজন এবং ভারতে মেয়ের চিকিৎসার জন্য একজন (অন্য ক্যাডারের) কর্মকর্তাকে ছুটি দেওয়া হয়। এ ধরনের আদেশ সুশাসনের জন্য পরিপন্থী। এই অন্যায় সিদ্ধান্ত প্রতিটা চিকিৎসকের জন্য হতাশার ও দুঃখজনক।
এতে আরও বলা হয়, অবিলম্বে এ আদেশ বাতিল করতে হবে এবং ভুল স্বীকার করে পুনরায় প্রজ্ঞাপন জারি করতে হবে। সেইসাথে বিডিএফ এই ন্যাক্কারজনক আদেশের তীব্র প্রতিবাদ জানাচ্ছে। অন্যথায় দেশের সকল চিকিৎসক কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে। একইসঙ্গে দেশের স্বাস্থ্যসেবায় নিয়োজিত চিকিৎসকদের প্রতি মন্ত্রণালয় ভবিষ্যতে যেন এরূপ বিমাতাসুলভ আচরণ করতে না পারে, সেজন্য স্বাস্থ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছে সংগঠনটি।
এর আগে অধ্যাপক ডা. মৃণ্ময় উন্নত চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার জন্য ১৫ দিনের ছুটির আবেদন করলে তা নাকচ করে দেওয়া হয়। সেইসঙ্গে তাঁকে প্রখ্যাত নাক, কান গলা বিশেষজ্ঞ অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্তের কাছে চিকিৎসার নেওয়ার জন্য নির্দেশ দেয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।