০৭ নভেম্বর, ২০২২ ১০:২২ এএম

সংসদে আইসিডিডিআর'বি বিল-২০২২ পাস

সংসদে আইসিডিডিআর'বি বিল-২০২২ পাস
উদরাময় গবেষণা কেন্দ্র বোর্ডের গঠন সম্পর্কে বিলে বলা হয়েছে, কেন্দ্রের কার্যাবলী সুষ্ঠুভাবে সম্পাদনের উদ্দেশ্যে একটি বোর্ড থাকবে। বোর্ডের সদস্য হবেন ১৫ জন।

মেডিভয়েস রিপোর্ট: সামরিক শাসনামলে জারি করা ‘আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআর'বি) বিল’ বাতিল করে নতুন আইন ‘আইসিডিডিআর'বি বিল- ২০২২’ জাতীয় সংসদে পাস হয়েছে। এতে এককভাবে বা অন্য কোনো জাতীয় ও আন্তর্জাতিক বৈদেশিক প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে সমীক্ষা পরিচালন, ফেলোশিপ দেওয়াসহ রোগ নিরাময়ে গবেষণা ও চিকিৎসা সেবা দেওয়ার বিধান রাখা হয়েছে।

রোববার (৬ নভেম্বর) জাতীয় সংসদে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বিলটি পাসের জন্য প্রস্তাব করলে তা কণ্ঠ ভোটে পাস হয়। এর আগে যাচাই-বাছাই কমিটিতে পাঠানোর প্রস্তাবগুলো আলোচনা করে স্পিকারের মাধ্যমে নিষ্পত্তি করা হয়।

বিলে বলা হয়েছে, ‘আইসিডিডিআর’বি জাতীয় এবং আন্তর্জাতিক আইন ও বিধি-বিধান মেনে বৈধ জৈব উপকরণ এবং গবেষণা সংক্রান্ত ফার্মাসিউটিক্যালস দেশের ভেতরে আনতে এবং দেশের বাইরে হস্তান্তর করতে পারবে। তবে কোনো নিষিদ্ধ পণ্য গবেষণা বা পরীক্ষার জন্য বিদেশে পাঠাতে হলে বা কোনো আমদানি-নিষিদ্ধ পণ্য গবেষণা বা পরীক্ষার জন্য বিদেশ থেকে আমদানি করতে হলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনাপত্তি গ্রহণ করে বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমতি নিতে হবে।’

উদরাময় গবেষণা কেন্দ্র বোর্ডের গঠন সম্পর্কে বিলে বলা হয়েছে, কেন্দ্রের কার্যাবলি সুষ্ঠুভাবে সম্পাদনের উদ্দেশ্যে একটি বোর্ড থাকবে। ১৫ সদস্যের বোর্ডে সরকার মনোনীত চারজন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা মনোনীত একজন, সরকার নির্ধারিত জাতিসংঘের কোনো সংস্থার মনোনীত একজন প্রতিনিধি থাকবেন। এ ছাড়া পূর্ববর্তী বোর্ডের মনোনীত আটজন সদস্য বোর্ডে অন্তর্ভূক্ত হবেন। নির্বাহী পরিচালক এই বোর্ডের সদস্য সচিব হিসেবে কাজ করবেন।

প্রতিষ্ঠানের উদ্দেশ্য সম্বন্ধে বলা হয়েছে, ‘কেন্দ্রের কাজ হবে ডায়রিয়া রোগ ও পুষ্টি ও উর্বরতার সঙ্গে সরাসরি সম্পৃক্ত বিষয়ে সমীক্ষা, গবেষণা ও জ্ঞান ছড়িয়ে দেওয়ার মাধ্যমে বাংলাদেশ ও অন্যান্য উন্নয়নশীল দেশসমূহের জনগণের স্বাস্থ্যসেবার উন্নত পদ্ধতির উদ্ভাবন এবং ডায়রিয়াজনিত রোগের প্রতিরোধ ও নিয়ন্ত্রণ আনয়ন, বিশেষত উন্নয়নশীল দেশসমূহের প্রেক্ষাপট বিবেচনায় জনস্বাস্থ্য কর্মসূচির উন্নয়ন সাধন।’

বিলের উদ্দেশ্য ও কারণ সংবলিত বিবৃতিতে বলা হয়েছে, ‘সামরিক শাসনামলে জারিকৃত অধ্যাদেশগুলোর আবশ্যকতা ও প্রাসঙ্গিকতা পর্যালোচনান্তে মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক ২০২১ সালের ১৩ ডিসেম্বর আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ আইন-২০২১ খসড়া চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা মোতাবেক দ্য ইন্টারন্যাশনাল সেন্টার ফর ডাইরিয়াল ডিজিজ রিসার্চ, বাংলাদেশ অর্ডিন্যান্স ১৯৭৮ এবং ১৯৮৫ সালে সংশোধিত অর্ডিন্যান্স রহিত করে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ আইন, প্রণয়ন করা যুক্তিযুক্ত।’

প্রসঙ্গত, ১৯৭৮ সালে আইসিডিডিআর,বি নিয়ে অধ্যাদেশ জারি করা হয়। উচ্চ আদালতের নির্দেশনা অনুসারে সামরিক শাসনামলে প্রণীত যেসব আইন বা অধ্যাদেশের এখনো প্রয়োজন রয়েছে, সেগুলোকে পরিমার্জন করে বাংলায় রূপান্তরের বাধ্যবাধকতা রয়েছে। সে জন্য নতুন আইনটি করা হয়েছে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : আইসিডিডিআরবি
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক