আইসিডিডিআর’বি পরিদর্শনে জাপানি প্রতিনিধিদল, যক্ষ্মা প্রতিরোধে সহযোগিতা জোরদারে আলোচনা
মেডিভয়েস রিপোর্ট: জনস্বাস্থ্য গবেষণা প্রতিষ্ঠান আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআর,বি) পরিদর্শন করেছেন জাপানের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বাংলাদেশে জাপান দূতাবাসের অর্থনৈতিক বিষয়ক ও উন্নয়ন সহযোগিতা বিভাগের প্রথম সচিব মি. তোরিনারি তাকেহিরো। মঙ্গলবার (৪ আগষ্ট) প্রতিনিধিদল আইসিডিডিআর,বির বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন।
প্রতিনিধিদলে ছিলেন বাংলাদেশে জাপান দূতাবাসের গ্রান্ট অ্যাসিস্ট্যান্স ফর গ্রাসরুটস হিউম্যান সিকিউরিটি প্রজেক্টসের পরামর্শক মিস খান নানামি, টয়োটা সুশো করপোরেশনের প্রধান প্রতিনিধি মি. ইউজি ওয়াগাতা এবং সার্কুলার ইকোনমি অ্যান্ড গ্রিন ইনফ্রাস্ট্রাকচার বিভাগের ইন-চার্জ মি. রাইহান শফি।
প্রতিনিধিদলকে স্বাগত জানান আইসিডিডিআর,বির সংক্রামক রোগ বিভাগের (আইডিডি) জ্যেষ্ঠ বিজ্ঞানী ড. সায়েরা বানু। তিনি বাংলাদেশের জনস্বাস্থ্য উন্নয়ন এবং জীবনরক্ষাকারী গবেষণায় আইসিডিডিআর,বির ভূমিকার পাশাপাশি দেশে যক্ষ্মা (টিবি) মোকাবিলায় প্রতিষ্ঠানটির বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন।
এ সময় আইসিডিডিআর,বির সহকারী বিজ্ঞানী ড. শাহরিয়ার আহমেদ বাংলাদেশে যক্ষ্মার বর্তমান পরিস্থিতি, চলমান টিবি নিয়ন্ত্রণ কার্যক্রম এবং এ খাতে বিদ্যমান বিভিন্ন সহযোগিতামূলক উদ্যোগ সম্পর্কে উপস্থাপনা করেন।
বৈঠকে যক্ষ্মা প্রতিরোধ ও নিয়ন্ত্রণ, গবেষণা ও উদ্ভাবন এবং সম্পদ সংগ্রহ (রিসোর্স মোবিলাইজেশন) নিয়ে সম্ভাব্য সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
সফরকালে প্রতিনিধিদল আইসিডিডিআর,বির ঢাকা হাসপাতাল, গবেষণাগার এবং মিরপুরে পরিচালিত একটি পোর্টেবল এক্স-রে ক্যাম্প পরিদর্শন করেন। সেখানে তারা যক্ষ্মা শনাক্তকরণ কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন।
আইসিডিডিআর,বি জানায়, জাপানের সঙ্গে প্রতিষ্ঠানটির দীর্ঘদিনের সুসম্পর্ক রয়েছে। জাপানি বোর্ড সদস্য, বিজ্ঞানী, গবেষক এবং সহযোগীদের অবদানে এ সম্পর্ক সময়ের সঙ্গে আরও দৃঢ় হয়েছে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এই সফরের মাধ্যমে জাপান ও বাংলাদেশের মধ্যে জনস্বাস্থ্য খাতে, বিশেষ করে যক্ষ্মা প্রতিরোধ ও নিয়ন্ত্রণে, সহযোগিতার নতুন সম্ভাবনা তৈরি হবে এবং দুই দেশের দীর্ঘদিনের অংশীদারিত্ব আরও শক্তিশালী হবে।
এমআর/