এশিয়া-প্যাসিফিক গ্লোবাল হেলথ ইনোভেশন হ্যাকাথনে বিজয়ী আইসিডিডিআর’বি
মেডিভয়েস রিপোর্ট: এশিয়া-প্যাসিফিক গ্লোবাল হেলথ ইনোভেশন হ্যাকাথন ২০২৬-এ বিজয়ী তিন দলের একটিতে স্থান পেয়েছে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআরবি) টিম থ্রাইভ-১০০০।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ও শনিবার (১৯ সেপ্টেম্বর) সিঙ্গাপুরে দুই দিনব্যাপী এই ইনোভেশন অনুষ্ঠিত হয়।
সিংহেলথের আয়োজনে এবং ডিউক-এনইউএস গ্লোবাল হেলথ ইনস্টিটিউট (এসডিজিএইচআই) ও একাডেমিক মেডিসিন ইনোভেশন ইনস্টিটিউটের (এএমআইআই) সহ-আয়োজনে এবারের হ্যাকাথনের মূল বিষয় ছিল মা ও শিশুর পুষ্টি-সংক্রান্ত বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী সমাধান তৈরি করা।
এশিয়া-প্যাসিফিক অঞ্চলের ১০টি দেশের ১৩টি দলের সঙ্গে প্রতিযোগিতা করে বিজয়ী হয় দলটি।
টিম থ্রাইভ১০০০-এ ছিলেন ডা. কাজী নাজমুস সাকীব, ডা. মেহজাবিন তিশান মাহফুজ, ডা. আমেনা আল নিশান ও ডা. সামন্ত সাবেদ। দলটি জীবনের প্রথম এক হাজার দিনকে কেন্দ্র করে একটি মা-কেন্দ্রিক ডিজিটাল সমাধান উপস্থাপন করে। এতে মাতৃ ও শিশুপুষ্টির সঙ্গে কমিউনিটিভিত্তিক স্বাস্থ্যসেবাকে সমন্বয় করা হয়েছে।
হ্যাকাথনে দলগুলোকে সমস্যা চিহ্নিতকরণ, সমাধান উন্নয়ন, মেন্টরিং, প্রোটোটাইপ তৈরি ও পিচিংয়ের মতো বিভিন্ন ধাপের মধ্য দিয়ে যেতে হয়। এসব ধাপ উত্তীর্ণের পর টিম থ্রাইভ-১০০০কে বিজয়ী তিন দলের একটি হিসেবে নির্বাচিত করা হয়।
এমআর/