হামের চিকিৎসা: জেলায় চিকিৎসক ও নার্সদের বাবল সিপ্যাপ ব্যবহারে প্রশিক্ষণ
মেডিভয়েস রিপোর্ট: শিশুদের হামজনিত নিউমোনিয়া ও শ্বাসকষ্টের চিকিৎসায় দেশের আটটি জেলা হাসপাতালের চিকিৎসক ও নার্সদের নিয়ে ভেন্টিলেটরের বিকল্প হিসেবে বাবল সিপ্যাপ ব্যবহারের ওপর হাতে-কলমে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৯ জুন) অনুষ্ঠিত এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেন ১৬ জন চিকিৎসক ও নার্স এবং জনস হপকিন্স প্রোগ্রাম ফর ইন্টারন্যাশনাল এডুকেশন ইন গাইনিকোলজি অ্যান্ড অবস্টেট্রিক্সের (জেপাইইগো) প্রতিনিধিগণ। আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআর,বি) অভিজ্ঞ চিকিৎসকরা এ প্রশিক্ষণ প্রদান করেন।
প্রশিক্ষণে অংশগ্রহণ করেন শেরপুর, জামালপুর, পিরোজপুর, পটুয়াখালী, নীলফামারী, লালমনিরহাট, এবং পঞ্চগড়ের ‘জেলা সদর হাসপাতাল’ ও মহাখালিতে অবস্থিত সংক্রামক ব্যধি হাসপাতালের চিকিৎসক ও নার্সগণ। জেপাইইগোর প্রতিনিধিগণ এই জেলাগুলোতে বাবল সিপ্যাপের ব্যবহার মনিটরিং করবেন।
অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান বলেন, ‘দেশের এই ক্রাইসিস সময়ে সাহয্যের জন্য আইসিডিডিআর,বি ধন্যবাদ প্রাপ্য। আপনারা এই বাবল সিপ্যাপের প্রশিক্ষণ থেকে যা শিখবেন, তা হাসপাতালে বাস্তবায়ন করবেন। এই প্রশিক্ষণ শুধু হামের জন্যই প্রযোজ্য নয়, বরং নিউমোনিয়ায় আক্রান্ত সব রোগীর চিকিৎসার জন্য ব্যবহার করবেন।’
আইসিডিডিআর,বির ক্লিনিক্যাল ও ডায়াগনিস্টিক সার্ভিসেসের প্রধান ডা. ফজলুল কবীর বলেন, ‘আইসিডিডিআর,বির এক্সিকিউটিভ ডিরেক্টর ড. তাহমিদ আহমেদ হামে শিশুদের কষ্ট দেখে মাননীয় স্বাস্থ্য মন্ত্রীকে ফোন করে নিউমোনিয়া ও শ্বাসকষ্টের চিকিৎসায় আইসিডিডিআরবি,র বাবল সিপ্যাপের কথা বলেন। পরিপ্রেক্ষিতে দেশব্যাপী বাবল সিপ্যাপের প্রশিক্ষণ চলছে। বিভিন্ন হাসপাতালে ব্যবহার হচ্ছে এই উদ্ভাবনটি।’
আইসিডিডিআর,বির ঢাকা হাসপাতালের পেডিয়াট্রিক্স ও অনারারি চিফ কনসালটেন্ট প্রফেসর ডা. চৌধুরী আলী কাওসার বলেন, ‘জেলা হাসপাতাগুলোতে বাবল সিপ্যাপের ব্যবহার শুরু হলে শিশুরা প্রথম পর্যায় থেকেই হামের প্রভাবে নিউমোনিয়া ও শ্বাসকষ্টনিত রোগের চিকিৎসা পাবে|’
প্রশিক্ষণে বাবল সিপ্যাপের ওপর বিজ্ঞানভিত্তিক ও গবেষণালব্ধ তথ্য ও ব্যবহারের কার্যকারিতার বিষয়ে উপস্থাপনা করেন আইসিডিডিআর,বির মেটার্নাল অ্যান্ড চাইল্ড নিউট্রিশন বিভাগের জ্যেষ্ঠ বিজ্ঞানী ডা. মোহাম্মদ যোবায়ের চিশতী। বাবল সিপ্যাপ ব্যবহারের হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করেন ডা. হৈমন্তী সাহা, ডা. লুবাবা শাহরিন, ডা. ফারজানা আফরোজ, ডা. নুসরাত জাহান শেলী ও ডা. তাহমিনা আলম।
আইসিডিডিআর,বির বাবল সিপ্যাপ একটি সহজলভ্য শ্বাস-প্রশ্বাস সহায়তা পদ্ধতি। এটি গুরুতর নিউমোনিয়া ও হাইপোক্সেমিয়ায় (রক্তে অক্সিজেনের স্বল্পতা) আক্রান্ত শিশুদের ফুসফুস সচল রাখতে এবং অক্সিজেন সরবরাহ বাড়াতে সহায়তা করে। বাংলাদেশ সরকারের উদ্যোগে এবং আইসিডিডিআর,বির কারিগরি সহায়তায় দেশের বিভিন্ন হাসপাতালে বাবল সিপ্যাপ ব্যবহারের ওপর প্রশিক্ষণ ও বিনামূল্যে ইউনিট সরবরাহ করা হচ্ছে।
এমআর/