০৭ নভেম্বর, ২০২৬ ১১:৪৪ এএম

অ্যালুমিনিয়ামের হাঁড়ি-পাতিল থেকে খাবারে মিশছে বিষাক্ত সিসা

অ্যালুমিনিয়ামের হাঁড়ি-পাতিল থেকে খাবারে মিশছে বিষাক্ত সিসা
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: স্থানীয়ভাবে তৈরি অ্যালুমিনিয়ামের রান্নার পাত্র থেকে খাবারে মিশছে মানবদেহের জন্য ক্ষতিকর ধাতু সিসা। বিশেষ করে নতুন পাত্রে প্রথমবার রান্নার সময় খাবারে সিসার উপস্থিতি বেশি পাওয়া গেছে। এক গবেষণায় নতুন পাত্রে রান্না করা প্রতি কেজি সাদা ভাতে সর্বোচ্চ ৩০৫ মাইক্রোগ্রাম এবং খিচুড়িতে ৪২০ মাইক্রোগ্রাম সিসা পাওয়া গেছে।

গবেষকদের মতে, সিসার সংস্পর্শ শিশুদের মস্তিষ্কের বিকাশ, শেখার ক্ষমতা ও আচরণে দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এ ঝুঁকি কমাতে নিরাপদ রান্নার পাত্র উৎপাদন ও পরিবার পর্যায়ে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন তারা।

আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআর,বি) ও যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের যৌথ গবেষণায় এসব তথ্য উঠে এসেছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) আইসিডিডিআর,বি এক বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশে পুরোনো অ্যালুমিনিয়ামের হাঁড়ি-পাতিলের পরিবর্তে নতুন পাত্র কেনা কিংবা পুরোনো কাপড়ের বিনিময়ে নতুন পাত্র নেওয়ার প্রচলন রয়েছে। তবে নতুন বা চকচকে হলেই একটি রান্নার পাত্র নিরাপদ—এমনটি ভাবার সুযোগ নেই। কারণ স্থানীয়ভাবে তৈরি অনেক পাত্র পুরোনো স্ক্র্যাপ ধাতু গলিয়ে তৈরি করা হয়। এসব ধাতু যথাযথভাবে পরীক্ষা না করলে পাত্রে সিসা থেকে যেতে পারে।

গবেষণাটি আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী ‘জার্নাল অব এক্সপোজার সায়েন্স অ্যান্ড এনভায়রনমেন্টাল এপিডেমিওলজি’-তে প্রকাশিত হয়েছে। এতে বাংলাদেশের বিভিন্ন পরিবার থেকে সংগ্রহ করা সাতটি ব্যবহৃত পাত্র এবং বাজার থেকে কেনা ২০টি নতুন পাত্র পরীক্ষা করা হয়। এসব পাত্রে ভাত ও খিচুড়ি রান্না করে খাবারে সিসার পরিমাণ নির্ণয় করেন গবেষকেরা।

গবেষণায় দেখা যায়, পরীক্ষা করা প্রতিটি পাত্র থেকেই খাবারে সিসা নির্গত হয়েছে। নতুন পাত্রে প্রথমবার রান্নার সময় প্রতি কেজি ভাতে সর্বোচ্চ ৩০৫ মাইক্রোগ্রাম এবং খিচুড়িতে ৪২০ মাইক্রোগ্রাম সিসা পাওয়া গেছে। তুলনায়, শিশু ও ছোট বাচ্চাদের খাবারে সিসার জন্য যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসনের (এফডিএ) নির্ধারিত রেফারেন্স মাত্রা প্রতি কেজিতে ১০ মাইক্রোগ্রাম।

বারবার ব্যবহারের ফলে খাবারে সিসার পরিমাণ কমলেও তা নিরাপদ মাত্রার নিচে নামে না। গবেষণায় পরীক্ষা করা সাতটি পুরোনো পাত্রের মধ্যে ছয়টিতে রান্না করা ভাতে সিসার উপস্থিতি পাওয়া গেছে।

পাত্র পরিষ্কারের পদ্ধতিও খাবারে সিসা মিশে যাওয়ার পরিমাণকে প্রভাবিত করে। নতুন পাত্র স্টিলের তারের মাজুনি দিয়ে ঘষে পরিষ্কার করলে, না ঘষে ব্যবহারের তুলনায় প্রায় পাঁচ গুণ বেশি সিসা খাবারে মেশে। এ ছাড়া ধাতব খুন্তি দিয়ে খাবার নাড়াচাড়া করলেও সিসা নির্গমনের পরিমাণ বেড়ে যায়।

বাংলাদেশের গ্রামাঞ্চলের শিশুদের ভাত খাওয়ার পরিমাণ বিবেচনায় নিয়ে গবেষকেরা হিসাব করেছেন, এ ধরনের পাত্রে রান্না করা ভাত খেলে একটি শিশু দৈনিক সিসা গ্রহণের ক্ষেত্রে এফডিএর নির্ধারিত রেফারেন্স মাত্রার পাঁচ গুণেরও বেশি গ্রহণ করতে পারে। তবে এটি সরাসরি শিশুদের পরীক্ষা করে পাওয়া ফল নয়, বরং হিসাবভিত্তিক অনুমান।

স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের হিউম্যান অ্যান্ড প্ল্যানেটারি হেলথের প্রজেক্ট আনলেডেডের পরিচালক ড. জেনা ফরসিথ বলেন, প্রতিদিনের রান্নায় ব্যবহৃত একটি সাধারণ পাত্র কীভাবে মানুষের সিসার সংস্পর্শে আসার কারণ হতে পারে, তা বোঝার জন্য রান্নার পাত্র ও খাবার—দুটিতেই সিসার পরিমাণ পরীক্ষা করা হয়েছে।

আইসিডিডিআর,বির অ্যাসিস্ট্যান্ট সায়েন্টিস্ট ড. জেসমিন সুলতানা বলেন, বিশেষ করে ছোট শিশুদের খাবার তৈরিতে খাদ্যনিরাপত্তার দিক থেকে পরীক্ষিত রান্নার পাত্র ব্যবহার করা উচিত। স্টিলের তারের মাজুনি দিয়ে পাত্র ঘষা এবং তাতে টক বা অম্লীয় খাবার রান্না করা এড়িয়ে চলার পরামর্শ দেন তিনি। তবে এসব সতর্কতা দূষিত পাত্রকে পুরোপুরি নিরাপদ করে না।

গবেষকদের মতে, এ ঝুঁকি কমাতে শুধু পরিবার পর্যায়ে সচেতনতা যথেষ্ট নয়। নিরাপদ রান্নার পাত্র নিশ্চিত করতে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ) ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনকে (বিএসটিআই) কার্যকর নিরাপত্তা মান নির্ধারণ ও বাস্তবায়নে উদ্যোগ নিতে হবে।

আইসিডিডিআর,বির প্রকল্প সমন্বয়ক ড. মাহবুবুর রহমান বলেন, সাশ্রয়ী দামের রান্নার পাত্র মানেই অনিরাপদ পাত্র হওয়া উচিত নয়। উৎপাদন প্রক্রিয়ার উন্নয়ন ও যথাযথ তদারকির মাধ্যমে পরিবারগুলোকে এ ধরনের ঝুঁকি থেকে সুরক্ষা দেওয়া সম্ভব।

গবেষণাটি স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের কিং সেন্টার অন গ্লোবাল ডেভেলপমেন্টের সহায়তায় পরিচালিত হয়েছে।

এইউ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
তুরস্ক-চীন ১৫ বিলিয়ন ডলারের চুক্তি

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বিশ্বনেতাদের অঙ্গীকার

তুরস্ক-চীন ১৫ বিলিয়ন ডলারের চুক্তি

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বিশ্বনেতাদের অঙ্গীকার

  এই বিভাগের সর্বাধিক পঠিত