‘স্বপ্ন পূরণের তীরে এসে অবহেলা করো না’
মেডিভয়েস রিপোর্ট: যারা হাসপাতালে যত বেশি সময় দিবে, তারা তত বেশি শিখবে বলে মন্তব্য করেছেন আদ্-দ্বীন ফাউন্ডেশনের উপদেষ্টা অধ্যাপক ডা. মুহাম্মদ আব্দুস সবুর।
আজ শনিবার (১ অক্টোবর) সকালে আদ-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের জাতীয় অধ্যাপক ইব্রাহীম লেকচার থিয়েটারে ইন্টার্ন চিকিৎসকদের অভিষেক ও শপথগ্রহণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
হাসপাতালকে চিকিৎসকদের সেকেন্ড হোম আখ্যা দিয়ে ডা. আব্দুস সবুর বলেন, ‘এখানে শিখার জায়গা। নবীনরা সিনিয়র ডাক্তার ও নার্সদের সঙ্গে সমন্বয় করে কাজ করতে হবে। একাডেমিক পড়াশোনা শেষ করে পেশা জীবনে প্রবেশ করেছ তোমরা। ইন্টার্ন চিকিৎসক হিসেবে তোমাদের দায়িত্ব বেড়ে গেছে। তোমাদের দায়িত্ব সঠিকভাবে পালন করবে। আমি তোমাদের সবার পেশা জীবনের সফলতা কামনা করি।’
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. আশরাফ-উজ-জামান বলেন, ‘তোমরা স্বপ্ন পূরণের তীরে এসেছ মাত্র। দীর্ঘ শিক্ষাজীবন শেষ করে ইন্টার্ন ডাক্তার হিসেবে পেশাজীবনে প্রবেশ করেছ। তোমাদের শেখার সময় এখন। তাই বিন্দুমাত্র অবহেলা না করে প্রতিটি মুহূর্ত কাজে লাগাতে হবে।’
ইন্টার্ন পিরিয়ডের নিয়ম-নীতি এবং লগ বুক সম্পর্কে বিস্তারিত দিকনির্দেশনা দিয়ে হাসপাতালের মহাপরিচালক অধ্যাপক ডা. নাহিদ ইয়াসমিন বলেন, আদ্-দ্বীন ব্যস্ততম একটি হাসপাতাল। স্বল্প খরচে মানসম্মত চিকিৎসা সেবা প্রদান করাই আদ্-দ্বীনের লক্ষ্য। এখানে সব ধরনের রোগী সেবা নিতে আসে। সবাইকে সঠিকভাবে সেবা দিয়ে ভালো ডাক্তার হওয়ার পাশাপাশি ভালো মানুষ হয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পেডিয়েট্রিক বিভাগের প্রধান অধ্যাপক ডা. এআরএম লুৎফুল কবীর, মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডা. খায়রুল ইমাম, গাইনি বিভাগের প্রধান অধ্যাপক ডা. হোসনে আরা খাতুন, সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. সরদার মো. রেজাউল ইসলাম প্রমুখ। এসময় মেডিকেল কলেজ ও হাসপাতালের বিভিন্ন বিভাগের শিক্ষক, চিকিৎসক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।