১২ সেপ্টেম্বর, ২০২২ ০৫:৩৯ পিএম

দেশে হাইড্রোসিলের রোগী ১৬ হাজারের বেশি

দেশে হাইড্রোসিলের রোগী ১৬ হাজারের বেশি
হাইড্রোসিল বা অন্ডথলির রোগীর শনাক্তে ২০২০ থেকে ২০২১ সাল পর্যন্ত টানা দুবছর একটি সমীক্ষা চালিয়েছে আইসিডিডিআরবি।

মেডিভয়েস রিপোর্ট: দেশে ১৬ হাজারের বেশি হাইড্রোসিলের রোগী রয়েছে, যারা নানাভাবে অবহেলা ও নেতিবাচকতার মুখোমুখি হচ্ছেন প্রতিনিয়ত। অনেকে লজ্জার কারণে কাউকে অসুখের কথাও বলেন না। এ ছাড়া অস্ত্রোপচারে খরচ অত্যন্ত ব্যয়বহুল হওয়ায় অনেকেই গোপনে এ রোগের ভার বহন করে চলেছেন। এখন পর্যন্ত অস্ত্রোপচারের মাধ্যে স্বাভাবিক জীবনে ফিরেছেন এক হাজার ৪১ রোগী।

আজ সোমবার (১২ সেপ্টেম্বর) দুপুরে আন্তর্জাতিক উদারাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআর,বি) আয়োজিত ‘এনশিওরিং হেলথ ইকুইটি অ্যান্ড ইকোনমিক পার্টিসিপেশন ফর ক্রনিক লিম্ফ্যাটিক ফাইলেরিয়াসিস পেশেন্টস থ্রু সার্জিক্যাল ইন্টারভেনশন ইন বাংলাদেশ’ শীর্ষক প্রকল্প থেকে প্রাপ্ত ফলাফল প্রকাশ অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়।

অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ও ফাইলেরিয়া নির্মূল, কৃমি নিয়ন্ত্রণ ও ক্ষুদে ডাক্তার কার্যক্রম এবং কালাজ্বর নির্মূল কর্মসূচীর প্রোগ্রাম ম্যানেজার ডা. এম এম আক্তারুজ্জামান।

আইসিডিডিআরবি' বলছে, কিউলেক্স মশার কামড়ের মাধ্যমে মানুষের মধ্যে সংক্রমিত হয় পরজীবীঘটিত রোগ ফাইলেরিয়াসিস। আক্রান্ত অঙ্গের ফুলে যাওয়া এবং পরবর্তীতে ঘন ঘন জ্বর হওয়া হল এই রোগের প্রধান উপসর্গ, যা আক্রান্ত ব্যক্তির দীর্ঘমেয়াদে বিভিন্ন মাত্রার অক্ষমতার কারণ হতে পারে। ফাইলেরিয়াসিসে আক্রান্ত পুরুষ রোগীর অন্ডথলি ফুলে যেতে পারে, যা হাইড্রোসিল নামে পরিচিত। নারীদের ক্ষেত্রে পা, যৌনাঙ্গ ফুলে যাওয়ার ঘটনা ঘটে। তবে আক্রান্তদের বেশিরভাগই পুরুষ।

অন্ডথলির রোগীর শনাক্তে ২০২০ থেকে ২০২১ সাল পর্যন্ত টানা দুবছর একটি সমীক্ষা চালিয়েছে আইসিডিডিআরবি। এই সময় প্রতিষ্ঠানটি ৫৭ হাজার ৪৩০ জন নারী ও পু্রুষের কেস স্টাডি করেছে।

অনুষ্ঠানে জানানো হয়, ২০২২ সাল থেকে বাংলাদেশ ব্যাংকের আর্থিক সহায়তায় হাইড্রোসিলে আক্রান্ত ২০৩ জন রোগীকে স্থানীয় সরকারি হাসপাতালের অস্ত্রোপচার সহায়তা প্রদান করে আইসিডিডিআর,বি। এর মধ্যে ১৪৫ জন রোগীকে রংপুর এবং ৫৮ জনকে কুড়িগ্রাম জেলায় অপারেশন করা হয়। পূর্বে ২০২০ থেকে ২০২১ সাল পর্যন্ত যুক্তরাজ্যের ফরেন কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্টে অফিসের সহায়তায় আইসিডিডিআর,বি ৮৩৮ জন হাইড্রোসিল রোগীকে হাইড্রোসিল অপারেশনের মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরে আসতে সাহায্য করেছিল।

আইসিডিডিআর,বি-র গবেষকরা একটি ফলাফল মূল্যায়ন কার্যক্রমও পরিচালনা করেছেন, যাতে দেখা যায়, অপারেশন এই রোগীদের সামাজিক এবং অর্থনৈতিক অংশগ্রহণের ওপর উল্লেখযোগ্য প্রভাব ফেলেছে। অস্ত্রোপচারের এই কার্যক্রম অত্যন্ত সাশ্রয়ী (১:১৫), যার অর্থ অস্ত্রোপচারের অর্থনৈতিক সুবিধা সার্জারির খরচ অপেক্ষা ১৫ গুণ বেশি। অধিকন্তু, এই রোগীরা এখন আগের চেয়ে বেশি ঘণ্টা কাজ করতে সক্ষম।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের কমিউনিকেবল ডিজিজ প্রোগ্রামের লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলাম।

এ সময় অধ্যাপক ডা. নাজমুল ইসলাম তার বক্তব্যে আক্রান্ত ব্যক্তিদের স্বাভাবিক জীবনে ফিরে আসতে সহায়তা করার উদ্যোগের প্রশংসা করে বলেন, হাইড্রোসিলসহ অন্যান্য নেগলেক্টেড ট্রপিক্যাল ডিজিসে আক্রান্ত মানুষেরা নানা ধরণের সামাজিক বৈষম্যের শিকার হন যা তাদের জীবনমানকে ব্যাপকভাবে প্রভাবিত করে। এই মহান কার্যক্রমের মাধ্যমে আইসিডিডিআর,বি ও বাংলাদেশ ব্যাংক সেই সকল ভুক্তভোগী মানুষদেরকে সহায়তা করছে।

সেমিনারে আরও উপস্থিত ছিলেন চৌধুরী বাংলাদেশ ব্যাংকের সাস্টেইনেবল ফিনান্স বিভাগের অতিরিক্ত পরিচালক লিয়াকত আলী, উপ-পরিচালক রাগীব ইবনুল আসিফ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা-বাংলাদেশের ন্যাশনাল প্রফেশনাল অফিসার ডা. সাবেরা সুলতানা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইসিডিডিআর,বি-র ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক ড. সামস্ এল আরেফিন।

প্রকল্পটি আইসিডিডিআর,বি-র এলএসএসডি-র ভারপ্রাপ্ত সিনিয়র ডিরেক্টর ড. দীনেশ মন্ডলের সার্বিক তত্ত্বাবধানে এবং নিউট্রিশন অ্যান্ড ক্লিনিক্যাল সার্ভিসেস ডিভিশনের রিসার্চ ইনভেস্টিগেটর ডা. শমিক মারুফের নেতৃতে পরিচালিত হয়। সেমিনারে স্বাস্থ্য অধিদপ্তর, বাংলাদেশ ব্যাংক, মিডিয়া এবং আইসিডিডিআর,বি-র প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক