ফের পাবনা মানসিক হাসপাতালে ফ্রি বেডে রোগী ভর্তি শুরু
মেডিভয়েস রিপোর্ট: একদিন পর আজ সোমবার সকাল থেকে ফ্রি বেডে পাবনা মানসিক হাসপাতালের বহিঃবিভাগে রোগী ভর্তি কার্যক্রম শুরু হয়েছে।
আজ সোমবার (১২ সেপ্টেম্বর) হাসপাতালের ওয়েবসাইটে প্রকাশিত প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত পরিচালক ডা. রতন কুমার রায়ের স্বাক্ষরিত এক অফিস আদেশ থেকে এ তথ্য জানানো হয়েছে।
আদেশে বলা হয়েছে, ‘মানসিক হাসপাতাল, পাবনার স্মারক নং মহাপাপ/প্রশা/২০২২/২৩১৭ তারিখ: ১১/০৯/২০২২ইং মোতাবেক অত্র হাসপাতালে যে রোগী ভর্তি রাখার নির্দেশ প্রদান করা হয়েছিল, তা বাতিল করা হলো এবং হাসপাতালে বহির্বিভাগে পূর্বের ন্যায় রোগী ভর্তির কার্যক্রম চলমান রাখার নির্দেশ দেওয়া হলো।’
এর আগে খাবার ও আর্থিক সংকটের কারণে হাসপাতালের ফ্রি শয্যায় রোগী ভর্তি বন্ধ ঘোষণা করা হয়েছিল। একইসঙ্গে ফ্রি শয্যায় চিকিৎসাধীন রোগীদের বাড়ি পাঠিয়ে দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিল। তবে পেইড শয্যায় রোগী ভর্তি চলছিল।
হাসপাতালের পরিসংখ্যান সূত্রের তথ্যমতে, ৫০০ শয্যার এই হাসপাতালে এখন আনুমানিক ৪৮০ রোগী ভর্তি আছেন। এর মধ্যে ১৫০ জনের মতো পেইড বেডে ভর্তি। বাকি রোগীগুলো ফ্রি বেডের।
রোববার (১১ সেপ্টেম্বর) হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক স্বাক্ষরিত এক অফিস আদেশে রোগী ভর্তি বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছিল। এর আগে, শনিবার সকাল থেকেই হাসপাতালে রোগী ভর্তি বন্ধ হয়ে যায়।
বহির্বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডা. এ কে এম শফিউল আজম গণমাধ্যমকে জানান, পরিচালকের নির্দেশে ভর্তির কার্যক্রম বন্ধ রাখা হয়েছিল। সোমবার থেকে আবার স্যারের আরেক আদেশ পেয়ে ভর্তি কার্যক্রম আগের মতো স্বাভাবিকভাবে চলছে।