আবাসিক হোটেল থেকে নারী চিকিৎসকের গলাকাটা লাশ উদ্ধার
মেডিভয়েস রিপোর্ট: রাজধানীর পান্থপথে একটি আবাসিক হোটেল থেকে একজন নারী চিকিৎসকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। সদ্য এমবিবিএস পাস করা ওই চিকিৎসকের নাম জান্নাতুল নাঈম সিদ্দীকা (২৭)।
কলাবাগান থানার সহকারী উপরিদর্শক (এএসআই) কাজী বখতিয়ার হোসেন আজ বৃহস্পতিবার (১১ আগস্ট) সকালে মেডিভয়েসকে এ তথ্য নিশ্চিত করেছেন।
ডা. জান্নাতুল নাঈম মগবাজার কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এমবিবিএস পাস করেন। এর পর তিনি ঢাকা মেডিকেল কলেজে (ঢামেক) স্ত্রী ও গাইনি বিষয়ে একটি কোর্সে অধ্যয়নরত ছিলেন।
এএসআই বখতিয়ার জানান, বুধবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে খবর পেয়ে পশ্চিম পান্থপথে ‘ফ্যামিলি অ্যাপার্টমেন্ট সার্ভিস’ নামে একটি আবাসিক হোটেল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
জান্নাতুল নাঈম বাবা-মায়ের সঙ্গে রাজধানীর শাহজাহানপুরে বসবাস করেন।
এএসআই বখতিয়ার আরও জানান, হোটেলটির চতুর্থতলার ৩০৫ নম্বর কক্ষের বিছানার ওপর থেকে ছুরিকাঘাত ও গলাকাটা অবস্থায় ওই চিকিৎসকের লাশ উদ্ধার করা হয়। নিহতের শরীরে আঘাতের একাধিক চিহ্ন রয়েছে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে।
তিনি জানান, হোটেলটিতে স্বামী-স্ত্রী পরিচয়ে রেজাউল করিম রেজা নামের এক ব্যক্তির সঙ্গে উঠেছিলেন জান্নাত। সেখানে তাকে গলা কেটে হত্যা করে পালিয়ে যায় রেজাউল।
লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান এএসআই বখতিয়ার।
এদিকে ঘটনার পরপরই নিহতের পরিবারের সদস্যরা থানায় আসেন। এ ঘটনায় মেয়ের পিতা ডা. শফিকুল ইসলাম মামলা দায়ের করেছেন।
মামলার তদন্ত কর্মকর্তা আবু জাফর জানান, আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে। কার্যক্রম নির্বিঘ্নে এগিয়ে নেওয়ার স্বার্থে এ মুহূর্তে বেশি কিছু জানাতে অপরাগতা প্রকাশ করেন তিনি। জানান, সময় হলে গণমাধ্যমকে সবই জানানো হবে।
-
০২ নভেম্বর, ২০২৩
-
১১ অগাস্ট, ২০২২
-
২২ অগাস্ট, ২০২০