সিলেটের বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণে গেলেন স্বাস্থ্যমন্ত্রী
মেডিভয়েস রিপোর্ট: সিলেটের সুনামগঞ্জ জেলার বিভিন্ন বন্যাকবলিত এলাকা পরিদর্শন ও বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ এবং স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে করণীয় প্রসঙ্গে জরুরি মতবিনিময় সভায় অংশ নিতে হেলিকপ্টার যোগে সিলেটে পৌঁছেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।
আজ সোমবার (২৭ জুন) সকালে সিলেটের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। সফরসঙ্গী হিসেবে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে রয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, বন্যার কারণে সড়ক পথে পরিদর্শন অসম্ভব হওয়ায় হেলিকপ্টার যোগে সিলেটের বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এসময় তারা সিলেটের তাহিরপুর, বিশমবরপুর, সুনামগঞ্জ, দোয়ারাবাজার ও ছাতক পরিদর্শন করেন।
সূত্রে আরও জানা যায়, সিলেটের বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণে সকাল ৯টায় রাজধানীর তেজগাঁওয়ের পুরাতন বিমানবন্দর থেকে সিলেটের সুনামগঞ্জের উদ্দেশে হেলিকপ্টারযোগে তিনি যাত্রা শুরু করেন। এরপর সিলেটের বেশকিছু এলাকা পরিদর্শন করে বেলা ১১টার দিকে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।
বিমানবন্দরে অবতরণের পর সিলেট সার্কিট হাউজে উপস্থিত হলে স্বাস্থ্যমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করা হয়। স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে জরুরি মতবিনিময় সভা শেষে দুপুর ২টায় ঢাকার উদ্দেশে হেলিকপ্টার যোগে রওনা দেওয়ার কথা রয়েছে।