করোনার মতো বন্যা পরবর্তী স্বাস্থ্যঝুঁকিও মোকাবিলা করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
মেডিভয়েস রিপোর্ট: করোনার মতো বন্যা পরবর্তী স্বাস্থ্যঝুঁকিও একযোগে মোকবেলা করতে হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।
আজ সোমবার (২৭ জুন) সিলেটের সুনামগঞ্জ জেলার বিভিন্ন বন্যাকবলিত এলাকা পরিদর্শন ও বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ এবং স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে করণীয় প্রসঙ্গে জরুরি মতবিনিময় সভায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, বন্যা পরবর্তী স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় প্রধানমন্ত্রীর তহবিলে ৩০৪ কোটি ৪১ লাখ টাকার অনুদান দিয়েছে ৪৫টি প্রতিষ্ঠান।
এর আগে স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, বন্যার কারণে সড়ক পথে পরিদর্শন অসম্ভব হওয়ায় হেলিকপ্টার যোগে সিলেটের বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এ সময় তারা সিলেটের তাহিরপুর, বিশমবরপুর, সুনামগঞ্জ, দোয়ারাবাজার ও ছাতক পরিদর্শন করেন।
সূত্রে আরও জানা যায়, সিলেটের বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণে সকাল ৯টায় রাজধানীর তেজগাঁওয়ের পুরাতন বিমানবন্দর থেকে সিলেটের সুনামগঞ্জের উদ্দেশে হেলিকপ্টারযোগে তিনি যাত্রা শুরু করেন। এরপর সিলেটের বেশকিছু এলাকা পরিদর্শন করে বেলা ১১টার দিকে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।
বিমানবন্দরে অবতরণের পর সিলেট সার্কিট হাউজে উপস্থিত হলে স্বাস্থ্যমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করা হয়। স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে জরুরি মতবিনিময় সভা শেষে দুপুর ২টায় ঢাকার উদ্দেশে হেলিকপ্টার যোগে রওনা দেওয়ার কথা রয়েছে।