০৭ এপ্রিল, ২০২২ ০২:০৩ পিএম

সেবা নিশ্চিতে স্বাস্থ্যবীমা চালু জরুরি: বিএসএমএমইউ ভিসি

সেবা নিশ্চিতে স্বাস্থ্যবীমা চালু জরুরি: বিএসএমএমইউ ভিসি
অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে প্রতি লাখে একজন বিশেষজ্ঞ চিকিৎসক থাকা প্রয়োজন। কিন্তু আমাদের দেশে অনেক বিষয়ে সে সংখ্যক বিশেষজ্ঞ চিকিৎসক নেই।

মেডিভয়েস রিপোর্ট: সবার স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য স্বাস্থ্যবীমা চালু হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভাইস-চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ। তিনি বলেন, আমাদের দেশে এখনো হার্ড টু রিচ এড়িয়া অর্থাৎ যে দুর্গম এলাকা রয়েছে, সেখানে রোগীর চিকিৎসায় এয়ার এম্বুলেন্সের ব্যবস্থা করা প্রয়োজন। এ সমস্ত জায়গায় যারা চিকিৎসা সেবা দেবেন; তাদের জন্য ইনসেনটিভ দেবার ব্যবস্থা করতে হবে। 

আজ বৃহস্পতিবার (৭ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন বি ব্লকে 'বিশ্ব স্বাস্থ্য দিবস-২০২২’ উপলক্ষে আয়োজিত শোভাযাত্রা শেষে আলোচনা সভায় তিনি এ কথা বলেন। ‘সুরক্ষিত বিশ্ব, নিশ্চিত স্বাস্থ্য’ এই প্রতিপাদ্যকে নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ‘বিশ্ব স্বাস্থ্য দিবস -২০২২’ উপলক্ষ্যে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। 

অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা ভাইরাস মোকাবেলায় অত্যন্ত দক্ষতার পরিচয় দিয়েছেন। করোনা প্রতিরোধ ব্যবস্থাপনায় মাননীয় প্রধানমন্ত্রী দক্ষিণ এশিয়ায় প্রথম এবং সারাবিশ্বে আমাদের বাংলাদেশের অবস্থান ২৬তম। আমরা একদিনে এক কোটি ২০ লাখ লোককে ভ্যাকসিন দেবার সক্ষমতা অর্জন করেছি। এজন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সত্যিকার অর্থেই ভ্যাকসিন হিরো। 

দেশে আরো বিশেষজ্ঞ চিকিৎসক বাড়ানোর তাগিদ দিয়ে উপাচার্য বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে প্রতি লাখে একজন বিশেষজ্ঞ চিকিৎসক থাকা প্রয়োজন। কিন্তু আমাদের দেশে অনেক বিষয়ে সে সংখ্যক বিশেষজ্ঞ চিকিৎসক নেই। এ বিশেষজ্ঞ চিকিৎসক তৈরির প্রতিষ্ঠান হিসেবে আমরা ইতোমধ্যে বিভিন্ন বিষয়ের কোর্সে শিক্ষার্থীদের আসন সংখ্যা বৃদ্ধি করেছি। নতুন নতুন কোর্স খুলেছি।  ডেন্টাল, ফরেনসিক মেডিসিনের মত বিভাগে প্রোস্ট গ্রাডুয়েশন চালু করেছি। 

ভাইস-চ্যান্সেলর বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় বিশ্ব স্বাস্থ্য ব্যবস্থায় উন্নয়নের ক্ষেত্রে এমন একটি ভূমিকা রাখবে যাতে আমরা আন্তর্জাতিক অঙ্গনে সুনাম অর্জন করতে পারি। 

তিনি বলেন, সুপেয় ও বিশুদ্ধ পানি নিশ্চিত করতে হবে। জীবনে ডিসিপ্লিন মেনে চলা, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে থাকা, নিয়মিত ব্যায়াম, সুষম খাদ্যের প্রতি গুরুত্ব দেবার পাশাপাশি ধুমপানের মতো অপ্রয়োজনীয় অভ্যাস পরিত্যাগ করতে হবে।

তিনি আরও বলেন, ইপিআইয়ের মাধ্যমে দেশে অনেক রোগকে প্রতিরোধ করতে সক্ষম হয়েছি। বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে সকলকে সচেতন করতে পারি।

শোভাযাত্রায় উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন, ডেন্টাল অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ আলী আসগর মোড়ল, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, বিশ্ববিদ্যালয়ের ককলিয়ার ইমপ্লান্ট প্রকল্প পরিচালক অধ্যাপক ডা. এএইচ এম জহিরুল হক (সাচ্চু), স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিব সহযোগী অধ্যাপক ডা. আরিফুল ইসলাম জোয়ারদার টিটো, সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. বিদ্যুৎ চন্দ্র দেবনাথ, মাননীয় উপাচার্য মহোদয়ের একান্ত সচিব-১ সহযোগী অধ্যাপক ডা. মো. রাসেল, মানসিক রোগ বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ডা. ফাতেমা জোহুরা ও ভাইস-চ্যান্সেলরের একান্ত সচিব-২ সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক দেবাশিষ বৈরাগীসহ প্রমুখ। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত