২৫ অক্টোবর, ২০২৬ ০৬:৫০ পিএম

ডেঙ্গুতে একদিনে আরও ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২৪৯ জন

ডেঙ্গুতে একদিনে আরও ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২৪৯ জন
ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ২৪৯ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮৪ জনে। আর মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৩ হাজার ৯৪৮ জন। আজ রোববার (২৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া সাতজনের মধ্যে চারজন পুরুষ ও তিনজন নারী। তাদের মধ্যে দুজনের বয়স পাঁচ বছরের মধ্যে, বাকিরা প্রাপ্তবয়স্ক।

নতুন আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে, ৬০৫ জন। এ ছাড়া খুলনায় ২৯৭, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২২৭, রাজশাহীতে ২২৪, চট্টগ্রামে ২১৭, বরিশালে ২১১, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২০১, ময়মনসিংহে ১৫৫, রংপুরে ৮২ এবং সিলেটে ৩০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

সেপ্টেম্বরে মৃত্যু ১৪৮, অক্টোবরে ১৩৯

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে ডেঙ্গুতে দুজন করে মারা যান। মার্চ ও এপ্রিলে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। মে মাসে একজন এবং জুনে ১৩ জনের মৃত্যু হয়। এরপর জুলাইয়ে ৩৬ ও আগস্টে ৪৩ জন মারা যান।

সেপ্টেম্বরে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ায় ১৪৮ জনে। চলতি অক্টোবর মাসে এখন পর্যন্ত মারা গেছেন ১৩৯ জন। এ বছর ডেঙ্গুতে মারা যাওয়া মোট ৩৮৪ জনের মধ্যে নারী ৫২ দশমিক ৮ শতাংশ এবং পুরুষ ৪৭ দশমিক ২ শতাংশ।

ঢাকা বিভাগের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন-সংশ্লিষ্ট হাসপাতালে ১০৯ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশন-সংশ্লিষ্ট হাসপাতালে ৫০ জন এবং সিটি করপোরেশনের বাইরের এলাকায় ২৪ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া খুলনায় ৬৮, চট্টগ্রামে ৩৭, ময়মনসিংহে ৩৩, বরিশালে ২৮, রাজশাহীতে ২৫, রংপুরে সাত ও সিলেটে চারজন মারা গেছেন।

অক্টোবরে আক্রান্ত ৪৪ হাজারের বেশি

মাসভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী, চলতি অক্টোবর মাসে এখন পর্যন্ত ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৪ হাজার ৩২৮ জন। গত সেপ্টেম্বরে এ সংখ্যা ছিল ৪৩ হাজার ৭৭৪ জন।

এর আগে জানুয়ারিতে ১ হাজার ৮১, ফেব্রুয়ারিতে ৪০৯, মার্চে ৩৫৩, এপ্রিলে ৬৪০, মে মাসে ৭১৪, জুনে ২ হাজার ৯০৭, জুলাইয়ে ৯ হাজার ২০৬ এবং আগস্টে ২০ হাজার ৫৩৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরে ডেঙ্গু আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত ১ লাখ ১৭ হাজার ৪০০ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

এমআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক