২৫ অক্টোবর, ২০২৬ ০৪:০৪ পিএম

খুলনায় সন্ধানী ক্লিনিকে সন্ত্রাসীদের গুলি-ভাঙচুর, আটক ২

খুলনায় সন্ধানী ক্লিনিকে সন্ত্রাসীদের গুলি-ভাঙচুর, আটক ২
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: খুলনায় নগরীর সন্ধানী ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার লক্ষ্য করে গুলিবর্ষণ ও ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (২৪ অক্টোবর) রাত পৌনে ১০টার দিকে নগরীর বাবুখান রোডে খুলনা থানাধীন এলাকায় এ ঘটনা ঘটে।

এতে কেউ হতাহত না হলেও ক্লিনিকের রোগী, স্বজন ও কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় ২ জনকে আটক করেছে পুলিশ। তবে, এখনও পর্যন্ত কোন মামলা হয়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ৯টার দিকে মোটরসাইকেলে আসা ৭ থেকে ৮ জন দুর্বৃত্ত ক্লিনিকের সামনে এলোপাতাড়ি গুলি ছোঁড়ে। পরে, তারা ক্লিনিকের ভেতর ঢুকে অধ্যাপক ডা. কুতুব উদ্দিন মল্লিকের চেম্বার ও রিসিপশনে ভাঙচুর চালায়। এতে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন মেডিভয়েসকে বলেন, সন্ধানী ক্লিনিকের বাইরের কাচ ভাঙচুর ও গুলিবর্ষণ ঘটনা সত্য। এ ঘটনায় পুলিশ রাতভর অভিযান চালিয়ে সিসিটিভি ফুটেজের মাধ্যমে দুজনকে শনাক্ত করে গ্রেপ্তার করেছে। তাঁদের জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে জড়িত আরও পাঁচ থেকে সাতজনের নাম পাওয়া গেছে। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ওসি বলেন, ক্লিনিক কর্তৃপক্ষের সঙ্গে তিনি একাধিকবার কথা বলেছেন। এমনকি প্রায় আধা ঘণ্টা আগেও ক্লিনিকের মালিকের সঙ্গে তাঁর কথা হয়। তবে ক্লিনিক কর্তৃপক্ষ এ ঘটনায় কোনো আইনি পদক্ষেপ নিতে বা মামলা করতে রাজি হয়নি। এ কারণে পুলিশ বাদী হয়ে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে।

ক্লিনিক কর্তৃপক্ষ মামলা করতে না চাওয়ার কারণ জানতে চাইলে ওসি বলেন, কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ভাঙচুরের পেছনে চাঁদাবাজির কোনো ঘটনা রয়েছে কি না, জানতে চাইলে ক্লিনিক কর্তৃপক্ষ জানায়, এর আগে কেউ তাদের কাছে চাঁদা দাবি করেনি। এ ছাড়া কোনো রোগীর চিকিৎসা নিয়ে জটিলতার কারণে ঘটনাটি ঘটেছে বলে যে কথা শোনা যাচ্ছে, সেটিও পুলিশ এখনো যাচাই করতে পারেনি।

ওসি লোকমান হোসেন বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে ভাঙচুরের প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার পেছনে কোনো না কোনো কারণ রয়েছে বলে মনে করছে পুলিশ। এ বিষয়ে তদন্ত চলছে এবং জড়িত অন্যদেরও গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

এমআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক