ভবিষ্যতে আরও টিকা দিতে প্রস্তুত যুক্তরাষ্ট্র: ভিক্টোরিয়া ন্যুল্যান্ড
মেডিভয়েস রিপোর্ট: ভবিষ্যতে আরও টিকা প্রয়োজন হলে যুক্তরাষ্ট্র দিতে প্রস্তুত আছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র দপ্তরের রাজনীতিবিষয়ক আন্ডার সেক্রেটারি ভিক্টোরিয়া ন্যুল্যান্ড।
আজ সোমবার (২১ মার্চ) সকাল ১০টায় রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ফাইজার ভ্যাক্সিন কার্যক্রম পরিদর্শন শেষে এ কথা জানান তিনি।
ভিক্টোরিয়া ন্যুল্যান্ড বলেন, টিকাদান কর্মসূচিতে বাংলাদেশ বেশ ভালো করেছে। শিশুসহ বাংলাদেশের গ্রামীণ পর্যায়ে মানুষদের করোনার টিকার আওতায় আনায় বাংলাদেশ বেশ ভালো অবস্থানে রয়েছে, যা মোটেও সহজ ছিল না। মানুষজনকে বুস্টার ডোজ ও দেয়া হচ্ছে।
এ সময় বাংলাদেশ আরো উন্নতি করবে বলে আশাবাদ ব্যক্ত করেন মার্কিন আন্ডার সেক্রেটারি।
এ ছাড়া স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেন, যুক্তরাষ্ট্র টিকাসহ সব বিষয়ে বাংলাদেশের পাশে রয়েছে। ভবিষ্যতে এ সম্পর্ক আরও জোরদার হবে।
তিনি বলেন, দেশে এ পর্যন্ত মোট ২২ কোটি ডোজ টিকা দেওয়া হয়েছে, যা মোট জনসংখ্যার ৭৪ শতাংশ।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সেবা বিভাগের সিনিয়র সচিব মো. লোকমান হোসেন মিয়া, ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মিস্টার পিটার হাস, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম, অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা, টিকা কর্মসূচির পরিচালক ডা. শামসুল হক, কুর্মিটোলা জেনারেল হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. ফজুলল কবীরসহ প্রমুখ।