এবার কোন বোর্ডে পাসের হার কত?
মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাসের কারণে দীর্ঘ প্রতীক্ষা শেষে এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।
রোববার (১৩ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১২টায় রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট থেকে ফলাফল ঘোষণা করা হয়।পরে শিক্ষাবোর্ডের চেয়ারম্যানরা শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির কাছে ফলাফল হস্তান্তর করেন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে ফলাফলের আনুষ্ঠানিক ঘোষণা করেন। এ অনুষ্ঠান থেকেই শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ফলাফলের বিস্তারিত গণমাধ্যমকর্মীদের জানাবেন।
এবার এইচএসসি ও সমমানের পরীক্ষার সাধারণ ৯টি বোর্ডে পাসের হার ৯৩.৫৮ শতাংশ এবং কারিগরি বোর্ডে পাসের হার ৯২.৮৫ শতাংশ। এ ছাড়া মাদরাসা বোর্ডে পাসের হার ৯৫ দশমিক ৪৮ শতাংশ। সব মিলিয়ে মোট পাসের হার ৯৫ দশমিক ২৬ শতাংশ।
বোর্ড সূত্রে জানা গেছে, যশোর বোর্ডে সর্বোচ্চ পাসের হার ৯৮.১১ শতাংশ। এরপর কুমিল্লাতে ৯৭.৪৯ শতাংশ, রাজশাহীতে ৯৭.২৯ শতাংশ, ঢাকায় ৯৬.২০ শতাংশ, বরিশালে ৯৫.৭৬ শতাংশ, ময়মনসিংহে ৯৫.৭১, সিলেটে ৯৪.৮০ শতাংশ, দিনাজপুরে ৯২.৪৩ শতাংশ ও চট্টগ্রামে ৮৯.৩৯ শতাংশ।
৯টি সাধারণ শিক্ষাবোর্ডের এইচএসসি পরীক্ষার্থীরা মোবাইলের মাধ্যমে ফল পেতে HSC লিখে স্পেস দিয়ে বোর্ডের প্রথম তিন অক্ষর লিখে আবার স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০২১ লিখবে। এরপর তা ১৬২২২ নম্বরে এসএমএস আকারে পাঠাবে। ফিরতি এসএমএসে ফল জানানো হবে।
মাদরাসা বোর্ডের শিক্ষার্থীদের ফল জানতে HSC লিখে স্পেস দিয়ে MAD স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০২১ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে।
এছাড়া কারিগরি শিক্ষাবোর্ডের ফল জানতে HSC লিখে স্পেস দিয়ে TEC লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০২১ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল জানিয়ে দেওয়া হবে।
এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় মোট ১৩ লাখ ৯৯ হাজার পরীক্ষার্থী অংশ নেয়।