চলতি মাসের শেষের দিকে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার আশা প্রধানমন্ত্রীর
মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাস সংকট কাটিয়ে চলতি মাসের শেষের দিকে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, এখন একটু খারাপ সময় যাচ্ছে। আমরা আশা করি এ মাসের শেষের দিকে অবস্থার পরিবর্তন হবে। সেই সময় আমরা শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে পারব। শিক্ষাপ্রতিষ্ঠান যাতে আমরা খুলতে পারি তার জন্য টিকা কার্যক্রম অব্যাহত রয়েছে।
আজ রোববার (১৩ ফেব্রুয়ারি) সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এইচএসসি ও সমমান পরীক্ষা ফল প্রকাশ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত আমাদের শিক্ষার্থীরা। আমরা অনলাইনে বা টেলিভিশনে ক্লাসের ব্যবস্থা করেছি। কিন্তু তারপরও শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়া, সবার সঙ্গে মিলেমিশে থাকা হয়নি।
তিনি বলেন, নতুন সংস্করণ ওমিক্রণের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। আমরা আশা করছি দ্রুতই সমাধান করতে পারব।