বিএসএমএমইউতে ইনডোর গেমসের শুভ উদ্বোধন
মেডিভয়েস রিপোর্ট: মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং মহান বিজয় দিবস উপলক্ষে চিকিৎসক ও নার্সসহ কর্মকর্তাদের জন্য ইনডোর গেমসের শুভ উদ্বোধন করেছে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)।
আজ শনিবার (১২ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র (টিএসসি) এ গেমসের উদ্ধোধন ঘোষণা করেন প্রতিষ্ঠানটির ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।
তিনি বলেন, ‘খেলাধুলাসহ সংস্কৃতির চর্চা মানসিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত জরুরি। বিএসএমএমইউতে কর্মরত চিকিৎসক ও নার্সসহ সকলের জন্য ইনডোর গেমসসহ আউটডোর গেমস নিশ্চিত করা হবে। অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো এই বিশ্ববিদ্যালয়েও খেলাধুলাসহ সাংস্কৃতিক বিভিন্ন কার্যক্রম চালু করা হবে।’
ডা. শারফুদ্দিন আহমেদ বলেন, ‘বিএসএমএমইউর প্রতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদৃষ্টি রয়েছে। বর্তমান প্রশাসন দায়িত্ব গ্রহণের পর চিকিৎসাসেবা, গবেষণা ও শিক্ষায় নতুন করে প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এই বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে যা যা করণীয় সবকিছুই করা হবে। বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে নিজ নিজ কর্মস্থলে সঠিকভাবে দায়িত্ব ও কর্তব্য পালনসহ ঐক্যবদ্ধভাবে কাজ করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়ন করতে হবে।’