কেটে ফেলা হয়েছে ডা. সুব্রত সাহার বাম হাতের দুই আঙ্গুল
মেডিভয়েস রিপোর্ট: দুর্বৃত্তদের পৈশাচিক হামলায় গুরুতর আহত ৩৯তম বিসিএসের ডা. সুব্রত সাহার অবস্থা এখনও আশঙ্কাজনক। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি এ চিকিৎসকের বাম হাতের দুইটি আঙ্গুল কেটে ফেলা হয়েছে। আজ শুক্রবার (১ অক্টোবর) হাসপাতাল সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রে জানা যায়, ডা. সুব্রতকে এরই মধ্যে চার ব্যাগ রক্ত দেওয়া হয়েছে। হাসপাতালের সার্জারি-অর্থোপেডিক্স ও প্লাস্টিক সার্জারি বিভাগের সম্মিলিত প্রয়াসে চলছে তাঁর চিকিৎসা। হামলায় তাঁর বাঁ-হাত মারাত্মকভাবে জখম হয়েছে। ফলে শত চেষ্টায় হাত রক্ষা গেলেও আঙ্গুল রক্ষা করা যায়নি। চিকিৎসায় তাঁর বাম হাতের দুইটি আঙ্গুল কেটে ফেলা হয়েছে।
এ ছাড়া সুব্রত সাহার পায়েও জখম রয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় নিয়ে আসা হয়েছে।
এর আগে ৩০ সেপ্টেম্বর বিকেলে স্থানীয় সন্ত্রাসীরা তাঁর ওপর হামলা চালায়। স্থানীয় একটি হাসপাতালে তাঁকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
সূত্রে জানা গেছে, স্থানীয় ডায়াগোনস্টিক সেন্টারের দালালদের সঙ্গে বেশ কিছু দিন ধরেই ডা. সুব্রত সাহার বিরোধ চলছিল। এ কারণেই তাঁর ওপর হামলা চালানো হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সিলেট ওসমানী মেডিকেল কলেজের (সিওমেক) ৪৬তম ব্যাচের শিক্ষার্থী ডা. সুব্রত সাহার বাড়ি গোপালগঞ্জ জেলায়। ৩৯তম বিসিএসে স্বাস্থ্য ক্যাডার হিসেবে সরকারি চাকরিতে যোগদান করে তিরি নিজ জেলার কাসিয়ানি উপজেলায় কর্মরত আছেন।