১৩ সেপ্টেম্বর, ২০২১ ১১:১১ এএম

লাইসেন্স নবায়নে হাসপাতালে থাকতে হবে জরুরি বিভাগ: হাইকোর্টের রুল

লাইসেন্স নবায়নে হাসপাতালে থাকতে হবে জরুরি বিভাগ: হাইকোর্টের রুল
মেডিভয়েস

মেডিভয়েস রিপোর্ট: কোনো অসুস্থ ব্যক্তি যখনই হাসপাতাল বা ক্লিনিকে যাবেন তখন তাকে তাৎক্ষণিক জরুরি চিকিৎসা সেবা প্রদানে অসম্মতি জানাতে পারবে না কোন হাসাপাতাল বা ক্লিনিক কর্তৃপক্ষ। আজ রোববার (১২ সেপ্টেম্বর) এ সংক্রান্ত একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে এ আদেশ দেন হাইকোর্ট।

একই সঙ্গে দেশের সব সরকারি-বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলো জরুরি চিকিৎসাসেবা দিতে অসম্মতি জ্ঞাপন কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

পাশাপাশি বেসরকারি হাসপাতাল বা ক্লিনিকের নতুন লাইসেন্স ইস্যু করার সময় এবং বিদ্যমান রেজিস্টার্ড হাসপাতাল বা ক্লিনিকের লাইসেন্স নবায়ন করার সময় জরুরি স্বাস্থ্যসেবা প্রদান বিভাগ আবশ্যিকভাবে থাকতে হবে- এমন শর্ত যুক্ত করতে কেন নির্দেশনা দেওয়া হবে না, রুলে সেটিও জানতে চাওয়া হয়েছে।

বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এ মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ১৮ জানুয়ারি দিন নির্ধারণ করা হয়েছে। আদালতে রিট আবেদনের পক্ষে ছিলেন ব্যারিস্টার রাশনা ইমাম, শারমিন আক্তার ও খন্দকার নিলীমা ইয়াসমিন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সমরেন্দ্রনাথ বিশ্বাস।

আদালতের আদেশে বলা হয়েছে, কোনো অসুস্থ ব্যক্তিকে যখনই হাসপাতাল, ক্লিনিক অথবা চিকিৎসকের কাছে আনা হয়, ওই অসুস্থ ব্যক্তির তাৎক্ষণিক জরুরি স্বাস্থ্যসেবা প্রদানে সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষ অসম্মতি জ্ঞাপন করতে পারবে না। যদি কোনও হাসপাতাল বা ক্লিনিকে এরূপ জরুরি স্বাস্থ্যসেবা প্রদানের ব্যবস্থা না থাকে, সেক্ষেত্রে জরুরি সেবাগুলো বিদ্যমান রয়েছে এমন নিকটস্থ কোনও হাসপাতালে ওই ব্যক্তিকে পাঠাতে হবে।

এ বিষয়ে আইনজীবী ব্যারিস্টার রাশনা ইমাম গণমাধ্যমকে বলেন, আজকের আদেশের ফলে জরুরি চিকিৎসাসেবা দিতে বাধ্য থাকবে হাসপাতাল কর্তৃপক্ষ।

এছাড়া সব সরকারি-বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের তালিকা, তার মধ্যে যেগুলোর জরুরি চিকিৎসাসেবা বিভাগ রয়েছে সেগুলোর পৃথক তালিকা করতে বলা হয়েছে। একই সঙ্গে আগামী তিন মাসের মধ্যে হাসপাতাল ও ক্লিনিকসমূহের জরুরি চিকিৎসা বিভাগের বর্তমান অবস্থার বিবরণসহ তালিকা জমা দিতে বলেছেন আদালত।

জরুরি স্বাস্থ্যসেবা না পাওয়ার বিষয়ে এর আগে জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদন সংযুক্ত করে হাইকোর্টে এ রিট দায়ের করা হয়। বাংলাদেশে জরুরি স্বাস্থ্যসেবা প্রদান সংক্রান্ত একটি নির্ভরযোগ্য সর্বজনস্বীকৃত আইনি অবকাঠামো উন্নয়নে বিচার বিভাগীয় হস্তক্ষেপ প্রার্থনা করে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) এবং অ্যাকাডেমি অব ল অ্যান্ড পলিসি (আলাপ) যৌথভাবে রিটটি দায়ের করে।

রিটে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব, স্বাস্থ্য অধিদফতর পরিবার কল্যাণ মন্ত্রণালয় (ডিজিএইচএস) এর মহাসচিব, বাংলাদেশ মেডিক্যাল ও ডেন্টস কাউন্সিলের প্রেসিডেন্ট, বাংলাদেশ প্রাইভেট মেডিক্যাল কলেজ অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট এবং বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক ও ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্টকে বিবাদী করা হয়।

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক