১৩ সেপ্টেম্বর, ২০২১ ১২:২৬ পিএম

সারাদেশে সশরীরে মেডিকেলের ক্লাস শুরু, উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

সারাদেশে সশরীরে মেডিকেলের ক্লাস শুরু, উচ্ছ্বসিত শিক্ষার্থীরা
মেডিভয়েস

মেডিভয়েস রিপোর্ট: সারাদেশে স্কুল ও কলেজ খোলার একদিন পর আজ সোমবার (১৩ সেপ্টেম্বর) দেশের সব মেডিকেল কলেজে সশরীরে ক্লাস শুরু হয়েছে। তবে প্রথম দিকে একসঙ্গে সব বর্ষের ক্লাস শুরু না হলেও ধাপে ধাপে শুরু হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

এর আগে গত ২ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) এক সংবাদ সম্মেলনে ১৩ সেপ্টেম্বর সরকারি-বেসরকারি মেডিকেল কলেজ পর্যায়ে ১ম, ২য় ও ৫ম বর্ষের শিক্ষার্থীদের সশরীরে ক্লাস শুরু হওয়ার কথা জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এ সময় মেডিকেলের শতভাগ শিক্ষার্থীকে করোনার টিকা দেয়া সম্পন্ন হয়েছে বলেও জানান তিনি।

সরেজমিনে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ সহ কয়েকটি প্রতিষ্ঠান ঘুরে দেখা যায়, অনেকটা উৎসাহ উদ্দীপনা নিয়ে ক্যাম্পাসে এসেছে শিক্ষার্থীরা। দীর্ঘ বিরতির পর প্রিয় ক্যাম্পাসে ফেরা। উচ্ছ্বাসটা ছিলো তাই একটু বেশি। প্রায় সবারই করোনার টিকা নেয়া সম্পন্ন হলেও সব ধরণের স্বাস্থ্যবিধি মেনে সাথে ক্লাসে যোগ দিয়েছে তারা। উপস্থিতিও ছিলো চোখে পড়ার মত।

সশরীরে ক্লাস করার অনুভূতি জানতে চাইলে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী তাসনিয়া সুলতানা রিমা বলেন, ‘দীর্ঘদিন পর সশরীরে ক্লাস করতে পেরে খুবই আনন্দিত। আবার কিছুটা ভয়ও লাগছে, এতদিন পর ক্লাসে ফিরে, ধীরে ধীরে সব মানিয়ে নিচ্ছি। করোনার মধ্যে যতটুকু সম্ভব সকল স্বাস্থ্যবিধি মেনে চলছি। আমরা সবাই মাস্ক পড়ছি, নিয়মিত হ্যান্ড স্যানিটাইজ করছি।’

অপর শিক্ষার্থী আসিফ উমর পাটোয়ারী বলেন, ‘ক্লাসের মধ্যে সবাই স্বাস্থ্যবিধি মেনে চলছে। দীর্ঘ দেড় বছর পর ক্লাস করে অন্যরকম একটা অনুভূতি কাজ করছে। আমরা কিছুদিন অনলাইনে ক্লাস করেছিলাম, শিক্ষকদেরকে স্কিনে দেখতে পারছি, কিন্তু সরাসরি তাদের সাথে কথা বলতে পারছিলাম না। আমাদের পড়াশোনার বিষয়ে অনলাইনে অনেক কিছু বুঝতে পেরেছি, আবার অনেক কিছুই বুঝতে পারিনি। সেজন্য আমরা অফলাইনে এসে খুবই আনন্দিত। আসল ক্লাসের যে একটা অনুভূতি তা আমরা পুরোপুরি পাচ্ছি, এটা আমাদের জন্য আনন্দের বিষয়।’

নাফিসা তাসনিম বিনতে খলিল বলেন, ‘করোনার কারণে দীর্ঘদিন ঘরে বসে থাকার পর আজকে এসে ক্লাসে খুবই ভালো লাগছে। ক্লাস ও হোস্টেলে সবাই স্বাস্থ্যবিধি মেনে চলছে। ক্লাসের মধ্যে আমরা মাস্ক পড়ছি আর সঙ্গে হ্যান্ড স্যানিটাইজ করছি। অনেকদিন পরে আমরা ক্লাসে এসেছি, আমাদের একটা মানসিক সাহায্য প্রয়োজন। শিক্ষকরা আমাদেরকে তা দিচ্ছেন। শিক্ষকরা আমাদের বটবৃক্ষের মাতো, তারা আমাদেরকে বিভিন্ন দিকনির্দেশনা দিচ্ছেন, সবমিলিয়ে শিক্ষকদের কাছ থেকে ভালো সহযোগিতা পাচ্ছি।’

শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. এবিএম মাকসুদুল আলম বলেন, ‘আমাদের শিক্ষাব্যবস্থা এতদিন অনলাইনে চলমান ছিল। স্বাস্থ্য অধিদপ্তর ও স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী আজ প্রথম, দ্বিতীয় ও পঞ্চম বর্ষের শিক্ষার্থীদের জন্য সশরীরের ক্লাস শুরু হয়েছে। আমরা শতভাগ স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে পেরেছি। সবাই মাস্ক ব্যবহার করছে। রুমে হাত ধোঁয়ার ব্যবস্থা করা হয়েছে। সামাজিক দূরত্ব মেনে শিক্ষার্থীরা ক্লাস করছে। সব ধরনের প্রস্তুতি নিয়েই আমরা সশরীরে ক্লাস শুরু করছি।’

তিনি আরও বলেন, ‘শিক্ষার্থীরা সশরীরে ক্লাসে এসে খুবই উৎফুল্ল। শিক্ষার্থীদের উপস্থিতিতে আমরা খুবই আনন্দিত।’

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক