করোনা প্রতিরোধে মাঠ পর্যায়ে কমিটি গঠনের সিদ্ধান্ত
মেডিভয়েস রিপোর্ট: দেশে করোনার সংক্রমণ পরিস্থিতি মোকাবেলায় ও মাঠ পর্যায়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
আজ শনিবার (১০ জুন) স্বাস্থ্য মন্ত্রণালয়ে কোভিড-১৯ এর দ্বিতীয় ঢেউ প্রতিরোধ ও মোকাবিলায় মাঠ পর্যায়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ এবং দিক নির্দেশনা প্রদান উপলক্ষে এক জুম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সূত্রে জানা যায়, করোনা প্রতিরোধ ও মোকাবিলায় মাঠ পর্যায়ে জনসচেতনতা সৃষ্টিসহ প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে নির্বাচিত জনপ্রতিধিদের নেতৃত্বে কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এ কমিটি জনগণের মধ্যে স্বাস্থ্যসচেতনতা সৃষ্টি, চিকিৎসা বিষয়ক পরামর্শ ও সহায়তা প্রদান, ভ্যাকসিন প্রদানে উদ্বুদ্ধকরণ ও সহায়তা প্রদানের জন্য কাজ করবে।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের উপস্থিতে বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, প্রস্তাবিত কমিটিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ, স্বাস্থ্য, যুব, কৃষি, আনসার ভিডিপির মাঠপর্যায়ের কর্মকর্তা, মসজিদের ইমাম, এনজিও প্রতিনিধি, হাট-বাজার সমিতির নেতৃবৃন্দসহ সংশ্লিষ্টরা অন্তর্ভুক্ত হবেন।
সভায় করোনা ছড়ানোর বিভিন্ন কারণ এবং তা প্রতিরোধ বিষয়ে বয়স্ক ও বিভিন্ন রোগের কারণে ঝুঁকিপূর্ণ মানুষের সাবধানতা অবলম্বন ইত্যাদি প্রয়োজনীয় বিষয়ে আরও প্রচার কার্যক্রম পরিচালনার জন্য গণমাধ্যমের প্রতি আহ্বান জানানো হয়।
স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তফা কামাল উদ্দীন, এলজিআরডি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমেদ, তথ্যসচিব মো. মকবুল হোসেন, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. আলী নুর, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলমসহ বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
-
০৭ জুন, ২০২৪
-
০৩ জুন, ২০২৪