০৬ জুলাই, ২০২১ ০৪:৪৫ পিএম

দশ জেলায় বিভিন্ন মেডিকেলের ২৮৪ চিকিৎসককে বদলি

দশ জেলায় বিভিন্ন মেডিকেলের ২৮৪ চিকিৎসককে বদলি
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: দেশে করোনা মহামারী পরিস্থিতি মোকাবেলায় বিভিন্ন মেডিকেল কলেজের ২৮৪ চিকিৎসককে দশ জেলার করোনা ডেডিকেটেড হাসপাতাল ও মেডিকেল কলেজ হাসপাতালে বদলি করা হয়েছে।

সোমবার (৫ জুলাই) স্বাস্থ্য মন্ত্রণালয়ের সেবা বিভাগের পারসোনেল-১ শাখার উপসচিব জাকিয়া পারভীন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়, ‘কোভিড-১৯ অতিমারি সুষ্ঠুভাবে মোকাবেলা এবং জনসেবা নিশ্চিত করার লক্ষ্যে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বিসিএস স্বাস্থ্য ক্যাডার ও স্বাস্থ্য সার্ভিসের নিম্নবর্ণিত কর্মকর্তাগণকে তাদের নামের পার্শ্বে বর্ণিত কর্মস্থলে সংযুক্তিতে পদায়ন করা হলো।’

বদলি হওয়া চিকিৎসকদের মধ্যে, পটুয়াখালী মেডিকেলের ১৩ চিকিৎসককে পটুয়াখালী জেলা হাসপাতালে, রাঙ্গামাটি মেডিকেলের ১৬ চিকিৎসককে বান্দরবান জেলা হাসপাতালে, ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেলের ২৭ চিকিৎসককে শরিয়তপুর জেলা হাসপাতালে ও ৩৬ জন চিকিৎসককে ফরিদপুর জেলা হাসপাতালে, চট্টগ্রাম মেডিকেলের ১৮ চিকিৎসককে খাগড়াছড়ি জেলা হাসপাতালে কুমিল্লা মেডিকেলের ২২ চিকিৎসককে ব্রাহ্মণবাড়িয়া, ২১ চিকিৎসককে নারায়ণগঞ্জ জেলা হাসপাতালে এবং ৬১ চিকিৎসককে একই মেডিকেল কলেজের কোভিড ইউনিটে পদায়ন করা হয়েছে।

এছাড়াও নোয়াখালীর আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজের ১০ চিকিৎসক, কুমিল্লা মেডিকেল অ্যাসিসটেন্ট’স ট্রেনিং স্কুলের (ম্যাটস) দুইজন চিকিৎসক ও চাঁদপুর মেডিকেল কলেজের ১০ চিকিৎসককে চাঁদপুর জেলা হাসপাতালে, কক্সবাজার মেডিকেল কলেজের ৪১ চিকিৎসককে কক্সবাজার জেলা হাসপাতাল এবং সাত চিকিৎসককে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পদায়ন করা হয়েছে।

এতে আরও বলা হয়, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে। উল্লেখিত চিকিৎসকরা করোনা ইউনিটে দায়িত্ব পালন করবেন। তাঁদের আগামী ৭ জুলাইয়ের মধ্যে পদায়নকৃত কর্মস্থলে যোগদান করবেন। অন্যথায় ৮ জুলাই বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষনিক অবমুক্ত হিসেবে গণ্য হবেন। তাঁরা স্ব-স্ব প্রতিষ্ঠান প্রধানের কাছে যোগদানপত্র দাখিল করবেন এবং প্রতিষ্ঠান প্রধানগণ যোগদানপত্র স্বাস্থ্য সেবা বিভাগের পার-১ শাখার ই-মেইল ([email protected]) এ আবশ্যিকভাবে প্রেরণ করবেন।

চিকিৎসকগণ পূর্ববর্তী কর্মস্থল (মূল কর্মস্থল) থেকে বেতন-ভাতাদি উত্তোলন করবেন। তাঁদের মধ্যে কারো বর্তমান কর্মস্থল ঠিক না থাকলে তিনি যেখানে কর্মরত আছেন সেখান থেকে অবমুক্ত হবেন। এবং যথাসময়ে পদায়িত কর্মস্থলে যোগদান করবেন। এক্ষেত্রে আদেশ সংশোধনের প্রয়োজন হবে না। চিকিৎসকদের এইচআইআরএসের মাধ্যমে মুভ ইর বা মুভ আউটের প্রয়োজন নেই বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা, স্বাস্থ্যমন্ত্রী ও সচিবের একান্ত সচিবসহ সংশ্লিষ্ট সকলের কাছে পাঠানো হয়েছে।

►প্রজ্ঞাপনটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক