২৬ জুন, ২০২১ ০১:১৩ পিএম

এক মাস পেছালো এফসিপিএস পরীক্ষা

এক মাস পেছালো এফসিপিএস পরীক্ষা
ছবি: মেডিভয়েস

মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাসের সংক্রমণ রোধে সারাদেশে কঠোর লকডাউনের কারণে এফসিপিএস পরীক্ষা এক মাসের জন্য স্থগিত করা হয়েছে। আজ শনিবার (২৬ জুন) বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্সের (বিসিপিএস) কাউন্সিলর মিটিংয়ে এ সিদ্ধান্ত হয়।

একাধিক সূত্র মেডিভয়েসকে জানিয়েছে, ‘বৈঠকে পরীক্ষা কমিটির দেওয়া সিদ্ধান্তই কার্যকর হয়েছে। আপাতত পরীক্ষা স্থগিত। পরিস্থিতি বিবেচনা সাপেক্ষে অর্থাৎ পরিস্থিতি যদি স্বাভাবিক হয়, তাহলে এক আগস্ট পরীক্ষা নেওয়া হবে।’

বিসিপিএসের অনারারি সচিব অধ্যাপক ডা. মো. বিল্লাল আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, দেশে করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় কোভিড-১৯ পরিস্থিতিতে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস্ এন্ড সার্জন্সের (বিসিপিএস) জুলাই-২০২১ সেশনের সকল পরীক্ষা (এফসিপিএস ১ম পর্ব, এফসিপিএস ২য় পর্ব (শেষ পর্ব), এফসিপিএস মিডটার্ম, প্রিলিমিনারী এফসিপিএস ২য় পর্ব, এফসিপিএস (সাব-স্পেশালিটি) এবং এমসিপিএস) আপাতত স্থগিত করা হলো। কলেজের পরীক্ষা শুরুর সম্ভাব্য তারিখ ০১ আগস্ট, ২০২১ খ্রিস্টাব্দ। পরীক্ষার পূর্ণাঙ্গ সময়সূচি পরবর্তীতে জানানো হবে।’

কোভিড পরিবর্তিত পরিস্থিতিতে পরীক্ষার নতুন নির্ধারিত তারিখ পরিবর্তনযোগ্য বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এর আগে করোনা পরিস্থিতির অবনতি ও ঢাকার পার্শ্ববর্তী সাত জেলাসহ বিভিন্ন অঞ্চলভিত্তিক বিশেষ লকডাউনের কারণে গত ২৩ জুন বিসিপিএসের পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির সভায় এফসিপিএস পরীক্ষা স্থগিত করা হয়। পর দিন বিসিপিএস সভাপতি অধ্যাপক ডা. কাজী দীন মোহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠিত কার্যনির্বাহী কমিটির বৈঠকেও এ সিদ্ধান্তে সম্মতি দেওয়া হয়।

নিয়ম অনুযায়ী সিদ্ধান্তটি চূড়ান্ত হতে বিসিপিএসের শেষ স্তর, অর্থাৎ কাউন্সিলের মিটিংয়ে গড়ায়। সেখানে আজ শনিবার (২৬ জুন) এফসিপিএস পরীক্ষা এক মাসের জন্য স্থগিত করা হয়।

এর আগে একই কারণে গত বছর বিসিপিএসের ৪৮ বছরের ইতিহাসে প্রমবারের মতো জুলাই ২০২০ সেশনের এফসিপিএস পরীক্ষা স্থগিত করে প্রতিষ্ঠানটি।

প্রসঙ্গত, জুলাই-২০২১ সেশনের এফসিপিএস সকল পরীক্ষা এক জুলাই থেকে শুরু হবে জানিয়ে গত ১৪ জুন বিজ্ঞপ্তি প্রকাশ করে বিসিপিএস। তবে করোনা পরিস্থিতির অবনতি হলে পরীক্ষা পেছানোর বিষয়টি আলোচনায় আসে। পরে সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে এফসিপিএস পরীক্ষার বিষয়ে গত ১৯ জুন বিসিপিএস কাউন্সিলরদের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। এতে পরীক্ষা না পেছানোর ক্ষেত্রে নিজেদের অনড় অবস্থার কথা জানায় প্রতিষ্ঠানটি। এক সপ্তাহ ব্যবধানে নিজেদের সিদ্ধান্ত পরিবর্তন করলো বিসিপিএস। 

বিসিপিএসের বিজ্ঞপ্তি

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
প্যারালাইজড রোগীদের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে বিশিষ্টজনেরা

বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে

প্যারালাইজড রোগীদের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে বিশিষ্টজনেরা

বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে

  এই বিভাগের সর্বাধিক পঠিত