মেডিকেল ভর্তি পরীক্ষা স্থগিত চেয়ে করা রিট হাইকোর্টে খারিজ
মেডিভয়েস রিপোর্ট: এমবিবিএস-বিডিএস ভর্তি পরীক্ষা পেছানোর দাবিতে করা রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট।
আজ বুধবার (২৪ মার্চ) বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. মাহমুদ হাসান তালুকদারের বেঞ্চ রিটটি খারিজ করে দেন।
করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে না থাকায় শিক্ষার্থী ও অবিভাবকদের স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় ভর্তি পরীক্ষা পেছানোর দাবি জানিয়ে আসছে শিক্ষার্থীদের একাংশ। এ দাবিতে তাঁরা রাজধানীসহ সারাদেশে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে।
এরই ধারাবাহিকতায় রোববার (২১ মার্চ) পরীক্ষা পেছানোর দাবিতে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় জনস্বার্থে রিট করা হয়। তাইমুর খান বাপ্পির পক্ষে রিটটি করেন আইনজীবী মুনতাসির মাহমুদ রহমান। এতে শিক্ষা সচিব, স্বাস্থ্য সচিব ও স্বাস্থ্য অধিদপ্তরসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।
রিট আবেদনে বলা হয়, করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। এছাড়া কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়নি। তারপরও মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এটি তাদের সঙ্গে বৈষম্য। এতে পরীক্ষার্থী, অবিভাবক ও শিক্ষকরা স্বাস্থ্য ঝুঁকিতে পরবেন।
ভর্তিচ্ছু শিক্ষার্থীর করা রিটটি শুনানির জন্যে মঙ্গলবার ২৩ মার্চ হাইকোর্টের কার্যতালিকায় (কজলিস্ট) ছিল। তবে গতকাল এর ওপর শুনানি হয়নি, আজও যথারীতি কার্যতালিকায় রয়েছে এটি।
প্রসঙ্গত, গত চার ফেব্রুয়ারি ২০২০-২১ শিক্ষাবর্ষে এমবিবিএস/বিডিএস ভর্তি পরীক্ষার তারিখ অনুমোদন করে স্বাস্থ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা বিভাগের চিকিৎসা শিক্ষা-১ শাখার উপসচিব মোহাম্মদ আবদুল কাদের স্বাক্ষরিক এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
এ সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২ এপ্রিল এমবিবিএস ও ৩০ এপ্রিল বিডিএস পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।