০৬ জানুয়ারী, ২০২১ ০২:২৬ পিএম

করোনার টিকা তৈরির অনুমোদন পেল দেশীয় প্রতিষ্ঠান

করোনার টিকা তৈরির অনুমোদন পেল দেশীয় প্রতিষ্ঠান
ছবি- সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: দেশের ইতিহাসে প্রথমবারের মতো করোনা ভাইরাসের টিকা উৎপাদনের অনুমোদন পেয়েছে দেশীয় প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক। এ জন্য প্রতিষ্ঠানটিকে প্রাথমিকভাবে ক্লিনিক্যাল ট্রায়ালের অনুমোদন দিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তর।

আজ বুধবার (৬ ডিসেম্বর) গণমাধ্যমকে জানান গ্লোব বায়োটেক লিমিটেডের গবেষণা ও উন্নয়ন বিভাগের প্রধান ডা. আসিফ মাহমুদ। 

তিনি বলেন, যেকোনও ওষুধ উৎপাদনের জন্য সবার আগে ওষুধ প্রশাসন অধিদপ্তরের অনুমতি প্রয়োজন হয়। অনুমোদনের পর উৎপাদন কার্যক্রম শুরু হয়। পরে সেটির ক্লিনিক্যাল ট্রায়ালের প্রয়োজন হয়। গ্লোব বায়োটেক সেটি পেয়েছে।

ডা. আসিফ মাহমুদ বলেন, এই টিকার নাম দেওয়া হয়েছে ‘বঙ্গভ্যাক্স’। 

গত বছরের ২ জুলাই নতুন করোনাভাইরাসের (কোভিড-১৯) টিকা উদ্ভাবনের দাবি করেছে ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান গ্লোব ফার্মাসিউটিক্যালস গ্রুপ অব কোম্পানিজ লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক লিমিটেড। 

বাংলাদেশে প্রথমবারের মতো কোনো প্রতিষ্ঠান এই টিকা উদ্ভাবনের দাবি করল। প্রতিষ্ঠানটি গত ৮ মার্চ এই টিকা তৈরির কাজ শুরু করে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তালিকায় বাংলাদেশের গ্লোব বায়োটেকের নাম আছে। যে ১৫৬টি টিকা পরীক্ষামূলক প্রয়োগের পূর্বাবস্থায় আছে, তার মধ্যে গ্লোবের তিনটি টিকা আছে।

গত বছরের ১৮ অক্টোবর গ্লোব বায়োটেকের গবেষণা ও উন্নয়ন শাখার প্রধান আসিফ মাহমুদ জানিয়েছিলেন, প্রাণীর ওপর তাদের টিকার সফল পরীক্ষা হয়েছে। তারা ক্লিনিক্যাল ট্রায়ালের প্রস্তুতি নিচ্ছেন।

ওই সময় গ্লোব কর্তৃপক্ষ জানিয়েছিল, তারা তিনটি টিকা উদ্ভাবন করেছে। এগুলো হলো ডি৬১৪ ভেরিয়েন্ট এমআরএনএ, ডিএনএ প্লাজমিড ও এডিনোভাইরাস টাইপ-৫ ভেক্টর।

বিশ্বের এগিয়ে থাকা টিকাগুলোর মধ্যে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা উৎপাদন করছে ভারতের সেরাম ইনস্টিটিউট। সেরাম ইনস্টিটিউটের কাছ থেকে টিকা কিনছে বাংলাদেশ সরকার। এই টিকা সরবরাহ করবে বেক্সিমকো ফার্মা। এ নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়, বেক্সিমকো ফার্মা ও সেরাম ইনস্টিটিউটের মধ্যে চুক্তি হয়েছে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : গ্লোব বায়োটেক লিমিটেড
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক