এবার করোনা আক্রান্ত অধ্যাপক এবিএম আব্দুল্লাহর সহধর্মিণী
মেডিভয়েস রিপোর্ট: প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক ইউজিসি অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহর পর এবার করোনায় আক্রান্ত হয়েছেন তাঁর সহধর্মিণী অধ্যাপক মাহমুদা বেগম। বর্তমানে অধ্যাপক এবিএম আব্দুল্লাহর সঙ্গে তিনিও একই হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার (১৭ ডিসেম্বের) করোনা পরীক্ষায় তাঁর করোনা পজিটিভ আসে। এর পর থেকে রাজধানীর গ্রিনলাইফ হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি।
সূত্রে জানা যায়, গত মঙ্গলবার অধ্যাপক মাহমুদা বেগমের জ্বরসহ করোনা উপসর্গ দেখা দেয়। এর পরিপ্রেক্ষিতে আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশেষ ব্যবস্থাপনায় তাঁর করোনা পরীক্ষা করা হয়। এর ঘণ্টা খানেক পর পরীক্ষার রিপোর্টে তাঁর দেহে করোনা শনাক্ত হয়।
অধ্যাপক মাহমুদার শারীরিক অবস্থা অনেকটাই স্থিতিশীল। তবে তাঁর বয়স বিবেচনায় বাড়তি সতর্কতা হিসেবে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।
অপরদিকে প্রখ্যাত মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক এবিএম আব্দুল্লাহর গায়ে হালকা জ্বর থাকলেও অন্য কোনো উপসর্গ নেই। বর্তমানে শারীরিক অবস্থা স্থিতিশীল আছে। দেহে অক্সিজেন মাত্রা ৯৯ ভাগ। প্রয়োজনীয়তা বুঝে চিকিৎসকরা রেমডিসিভির চালু করেছেন।
গত ১৫ ডিসেম্বর করোনা আক্রান্তের তথ্য নিশ্চিত করে অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ মেডিভয়েসকে বলেন, ওই দিন সকালে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নমুনা পরীক্ষা করিয়েছেন। অল্প সময়ের ব্যবধানে রিপোর্টে তাঁর করোনা পজিটিভ আসে। এরপর হাসপাতালে তাঁকে রাজধানীর গ্রিনলাইফ হাসপাতালে ভর্তি করা হয়।
করোনা মহামারীতে অসংখ্য রোগীকে স্বাস্থ্যসেবা দিয়ে যাওয়া এ মেডিসিন বিশেষজ্ঞ সস্ত্রীক করোনা থেকে দ্রুত আরোগ্যের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।