০১ অক্টোবর, ২০২০ ০১:৫২ পিএম

‘সকল পর্যায়ের কর্মতৎপরতায় কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে’

‘সকল পর্যায়ের কর্মতৎপরতায় কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে’
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: মন্ত্রণালয় থেকে মাঠ পর্যায় পর্যন্ত স্বাস্থ্য সংশ্লিষ্ট সকলের অব্যাহত কাজের ফলে দেশে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে সচিবালয়ে ‘জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন, ২০২০’ নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

জাহিদ মালেক বলেন, ‘মন্ত্রণালয় থেকে নিয়ে একেবারে মাঠ পর্যায় পর্যন্ত সকল ব্যক্তিরা কাজ করে গেছেন। ফলে কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। আমাদের দেশে মৃত্যুর হার অন্য দেশের তুলনায় কম। সংক্রমণের হারও ১০/১১-তে নেমে এসেছে।’

তিনি আরও বলেন, ‘করোনায় আমরা অন্যান্য কার্যক্রমও চালিয়ে যাচ্ছি। স্বাস্থ্যসেবা ও স্বাস্থ্য শিক্ষা বিভাগের সকল কার্যক্রম সঠিকভাবে চালিয়ে যাচ্ছি। গত সাত মাস আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় দিনরাত কাজ করেছে।’

কোভিড থেকে মুক্তি পেতে ভ্যাকসিনের প্রয়োজনীয়তা রয়েছে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘সেজন্য আমরা যথাযথ ব্যবস্থা নিয়েছি, যাতে সঠিক সময়ে ভ্যাকসিন পাই।’

এ সময় স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আব্দুল মান্নান, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. আলী নূরসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত