বকেয়া বেতন-ভাতার দাবি
হলি ফ্যামিলি মেডিকেলে চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের বিক্ষোভ
মেডিভয়েস রিপোর্ট: বকেয়া বেতন ভাতা পরিশোধের দাবিতে রাজধানীর হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে বিক্ষোভ করেছেন ডাক্তার-নার্স-কর্মচারীরা। এ সময় হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মো. মোরশেদকে অবরুদ্ধ করে রাখেন তারা।
আজ বুধবার (৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে প্রায় দেড় থেকে দুইশ চিকিৎসক-কর্মচারী হাসপাতালের পরিচালকের কক্ষের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন।
এক পর্যায়ে বিক্ষোভরতদের মধ্যে থেকে কয়েকজন কক্ষে ঢুকে পরিচালকের কাছে জানতে চান, কবে তাদের বেতন-ভাতা পরিশোধ করা হবে। আগামী রোববারের মধ্যে সংকট সমাধানের আশ্বাস দেন হাসপাতাল পরিচালক। বেলা ১টা পর্যন্ত তাঁর কক্ষের বাইরে অবস্থান করেন বিক্ষোভকারীরা।
বিক্ষুদ্ধ চিকিৎসক-কর্মচারীরা জানান, হাসপাতালে কোভিড চিকিৎসা শুরুর পরবর্তী তিন আর পূর্ববর্তী দুই মাসের বেতন দেওয়া হয়নি। মানবেতর জীবন যাপন করছেন অনেকেই।
বিক্ষোভকারীদের একজন সিনিয়র স্টাফ নার্স আমেনা বেগম জানান, ‘তাদের পাঁচ মাসের বেতন বাকি আছে। জানুয়ারি মাসের অর্ধেক বেতন দিয়েছে। ফেব্রুয়ারি-মার্চ দেয়নি। এপ্রিল ও মে মাসের বেতন হয়েছে। এরপর জুন থেকে এখন পর্যন্ত কোনো বেতন হয়নি।’
বেতন না পেয়ে মানবেতর জীবনযাপন করছেন বলে জানান রফিকুল ইসলাম নামের একজন কর্মচারী। তিনি বলেন, ‘আমার পকেটে ১০ টাকাও নাই। কীভাবে চলবো? আমরা পরিচালকের কাছে গিয়েছিলাম। তিনি বলেছেন, টাকা নাই, কোত্থেকে দেবেন। এই কারণেই আমরা এখানে বিক্ষোভ করছি।’
হলি ফ্যামিলি মেডিকেল কলেজ হাসপাতালের ভাইস চেয়ারম্যান ডা. হাবিবে মিল্লাত বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন। তিনি জানান, ‘রেড ক্রিসেন্ট সোসাইটির সবগুলো প্রতিষ্ঠান নিজেদের আয়ে চলে। হলি ফ্যামিলি হাসপাতালকেও তার আয়ে চলতে হয়। তবে সম্প্রতি আয় কমে যাওয়ায় সমস্যা হচ্ছে।’
তিনি বলেন, ‘করোনাভাইরাসের সময় এই হাসপাতাল সরকার ব্যবহার করেছে। আমরা বিলের জন্য সরকারের কাছে আবেদন করেছি। সেটা পেলে সমস্যা কিছুটা সমাধান হবে। তবে তা স্থায়ী নয়। হাসপাতালের আয় না বাড়লে বেতন নিয়ে এই সমস্যা চলতেই থাকবে।’