ফিজিওথেরাপিস্টদের মধ্যে কুইজ প্রতিযোগতার পুরস্কার বিতরণ
মেডিভয়েস রিপোর্ট: গণ বিশ্ববিদ্যালয়ের ফিজিওথেরাপি বিভাগের শিক্ষার্থীদের সংগঠন ‘কনফেডারেশন ফর ফিজিক্যাল থেরাপি এন্ড হেল্থ’ এর উদ্যোগে অনলাইন কুইজ প্রতিযোগিতা ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।
আজ রোববার (৩০ আগস্ট) দুপুরে সাভারের গণস্বাস্থ্য মেডিকেল কলেজ হাসপাতালের ফিজিওথেরাপি বিভাগে সীমিত পরিসরে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে পুরস্কার বিতরণ করা হয়।
এতে অংশ নিয়ে গণ বিশ্ববিদ্যালয় ফিজিওথেরাপি বিভাগের সিনিয়র শিক্ষক ডা. আব্দুর রহমান বলেন, ‘আমাদের বিভাগে এমন আয়োজন এর আগে কখনোই হয়নি। তোমাদের সংগঠনকে অনেক বেশি ধন্যবাদ ও শুভকামনা। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আরও মনোনিবেশিত করবে।’
কুইজে বিজয়ী গণবিশ্ববিদ্যালয় ফিজিওথেরাপি বিভাগের ৩০তম ব্যাচের শিক্ষার্থী সিদ্রাতুল মুনতাহা তার মনের ভাব ব্যক্ত করতে গিয়ে বলেন, ‘এ যেন স্বপ্নের মতো। আয়োজনটি সত্যি অনেক সুন্দর ছিলো, তবে আমাদেরকে এতটা সম্মানিত করা হবে তা আমার ভাবনাতেও ছিলনা।’ এ সময় এ সংগঠনই একদিন বাংলাদেশের ফিজিওথেরাপির সুদিনের রচনা করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
পুরস্কার বিতরণী অনুষ্ঠান পরিচালনা করেন আয়োজক সংগঠনের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ডা. এ এইচ শাওন ও ডা. দেবযানী শীল। সংগঠনের উপদেষ্টা ডা. মো. সজিবুর রহমান আর্থিক সহায়তায় অনলাইন কুইজ প্ল্যাটফর্ম তৈরিতে কাজ করেছেন সংগঠনের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ডা. মো. আনিছুর রহমান।
অনুষ্ঠানে গণ বিশ্ববিদ্যালয় ফিজিওথেরাপি বিভাগের সিনিয়র শিক্ষক ডাঃ আব্দুর রহমান ছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন একই বিভাগের ডা. রুপক রায়, ক্লিনিক্যাল ফিজিওথেরাপিস্ট ডা. মোরশেদ আলম ও ডা. বৈশাখী কুন্ডু।